ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল রোববার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে পুলিশের সঙ্গে অবৈধ স্থাপনা নির্মাণকারীর লোকজনের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া দুর্বৃত্তরা সওজের জায়গায় নির্মিত একটি বিপণিবিতানে হামলা চালিয়ে ভাঙচুর ও একটি দোকানের মালামাল লুট করে।
প্রত্যক্ষদর্শী ও সওজ বিভাগ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ সেতুসংলগ্ন এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রাশিদ সওজ বিভাগের জমিতে ১৪ কক্ষবিশিষ্ট একটি স্থায়ী স্থাপনা নির্মাণ করেন। এ নিয়ে সওজ আদালতে মামলা করে। সেই মামলায় আদালত অবৈধ ওই স্থাপনা ভাঙার নির্দেশ দেন। গতকাল সকালে ম্যাজিস্ট্রেট দীপায়ন দাস ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন চৌধুরীর উপস্থিতিতে ওই অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় পুলিশ। এ সময় সরকারি কাজে বাধা দিতে এলে পুলিশের সঙ্গে অবৈধ স্থাপনা নির্মাণকারীর লোকজনের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
এদিকে ভেঙে ফেলা ওই স্থাপনার পেছনে রয়েছে নুরুল ইসলামের একটি বিপণিবিতান। এটিও সওজের জায়গায়। এই বিপণিবিতান নিয়েও আদালতে মামলা চলছে। তবে বিকেলে দুর্বৃত্তরা নুরুল ইসলামের বিপণিবিতানে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এ সময় তারা ওই বিপণিবিতানের প্রিয়া টেইলার্স নামে একটি কাপড়ের দোকানের কাপড় রাস্তায় ফেলে দেয় এবং শাড়ি, লুঙ্গি ও থান কাপড় নিয়ে যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
রাশেদ হোসেন চৌধুরী জানান, নুরুলের অবৈধ স্থাপনা নিয়েও মামলা চলছে। আদালতের নির্দেশ পেলে সেটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
ঈশ্বরগঞ্জ থানার এসআই ফারুখ হোসেন জানান, স্থাপনা উচ্ছেদের সময় অবৈধ স্থাপনা নির্মাণকারীর লোকজন বাধা দিলে তাঁদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।