ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আজ বৃহস্পতিবারও পোশাকশ্রমিকদের অসন্তোষ অব্যাহত রয়েছে। আশুলিয়া, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। নারায়ণগঞ্জে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আজ ভোর থেকে গাজীপুরে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
আশুলিয়া: আশুলিয়ার কাঠগড়া এলাকার মাসকটসহ দুটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকাল আটটায় কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। এরপর তাঁরা হঠাত্ করে বেতন বাড়ানোর দাবি তুলে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন।
সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে বিশমাইল-জিরাবো সড়ক অবরোধ করেন। ধাওয়া দিলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এ ছাড়া আশুলিয়ার চারাবাগ এলাকায় মাকসুকা অ্যাপারেল নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তবে তাঁরা কারখানার ভেতরেই অবস্থান করছেন।
আশুলিয়া জোনের শিল্প পুলিশের পরিদর্শক আবদুস সাত্তার বলেন, ‘পরিস্থিতি এখন আমাদের অনুকূলে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন।’
সাভার ও গাজীপুর: আজ সকালে সাভার ও গাজীপুরের কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জিরানি এলাকায় আজ সকালে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, বেতন বাড়ানোর দাবিতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় লগুজ পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকালে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আজ ভোর থেকে গাজীপুরে র্যাব-পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন প্লাটুন সদস্য নামানো হয়েছে। তাঁরা ভোর থেকেই এলাকায় টহল দিচ্ছেন।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম জানান, পোশাক কারখানায় অস্থিরতা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়েছে। তারা পুলিশের পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জ: ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, শ্রমিক ও পথচারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, ফতুল্লার শিবু মার্কেট এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ তুলতে গেলে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। বেলা একটার দিকে সংঘর্ষ থামে। সংঘর্ষে পুলিশ, শ্রমিক ও পথচারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।