পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক 'ডাকাত' গুলিবিদ্ধ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী মাঝিপাড়া এলাকায় ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় হামলায় পুলিশের দুই সদস্য আহত ও এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।
গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস সড়কে ওই ঘটনা ঘটে। এ সময় পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত স্টিলের ধারালো চাপাতি, কয়েকটি রড, দুটি চাকু ও একটি লোহার চাপাতি উদ্ধার করে।
পুলিশের আহত দুই সদস্য হলেন মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোনছের আলী ও কনস্টেবল সোহরাব হোসেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গুলিবিদ্ধ ডাকাত সরদারের নাম ইন্দ্রমোহন রাজবংশী (২৭)। তিনি পোষ্টকামুরী গ্রামের বাসিন্দা। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
থানা-পুলিশ সূত্র জানা যায়, রোববার রাতে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল আহমেদ ও নুর মোহাম্মদ, এএসআই মোনছের আলী এবং কনস্টেবল কামরুল ইসলাম, নীহার রঞ্জন সরকার ও সোহরাব হোসেন ভাড়া করা গাড়িতে করে ওই সড়ক দিয়ে থানায় যাচ্ছিলেন। মাঝিপাড়া এলাকায় আগে থেকে ওত পেতে থাকা ১৫ থেকে ২০ জন লোক ডাকাতির উদ্দেশে তাঁদের গাড়ির গতিরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গাড়িতে হামলা চালায় এবং গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতেরা পালিয়ে যান। ডাকাতদের হামলায় রডের আঘাতে এএসআই মোনছের আলী ও কনস্টেবল সোহরাব হোসেন আহত হন। সঙ্গে থাকা পুলিশের সদস্যরা তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুলির শব্দে স্থানীয় লোকজন ও মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজে নিয়োজিত লোকজন ছুটে আসেন। পুলিশ তাঁদের সহায়তায় টর্চের আলোয় মহাসড়ক থেকে ইন্দ্র মোহনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।
ইন্দ্র মোহন রাজবংশী প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, ঘটনার সময় তাঁর সঙ্গে সায়েম (৩০), আল রাজিম (২৮), নাঈম (২০), মোতালেব (৩০), এরশাদ (৩২), রতন (২৭), নাজমুল (৩২), সেলিম (৩৩), জাহিদ (২৫), সজিব (৩৩), জসিম (৩০), রিপন (৩২), আলতাফসহ (৪০) আরও পাঁচ-ছয়জন ছিলেন। তাঁরা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ও বস্তা ফেলে বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহন আটকে ডাকাতি করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মির্জাপুর থানায় দুটি মামলা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ইন্দ্রমোহনকে পুলিশের হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সুস্থ হলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।