পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনার জের ধরে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের বাগ্বিতণ্ডা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই কনস্টেবল লালখান বাজার দিয়ে দামপাড়া পুলিশ লাইনসে যাচ্ছিলেন। রাস্তায় যানজট থাকায় তাঁদের বহনকারী মাইক্রোবাসের চালক হর্ন দেন। এ সময় রাস্তায় থাকা কিছু যুবকের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। খবরটি নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পৌঁছালে সেখান থেকে পুলিশের আরেকটি দল আসে। তখন ওই যুবকেরা স্থানীয় লোকজনদের জড়ো করে পুলিশকে ঘিরে ফেলার চেষ্টা করেন। পরে বিষয়টি মিটমাট করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, পুলিশ মোক্তার নামের এক আসামিকে ধরতে গিয়ে নিরীহ কিছু লোককে আটক করার চেষ্টা করে। এ নিয়ে পুলিশ ও স্থানীয় কিছু যুবকেরা মুখোমুখি অবস্থান নেন। পরে পরিস্থিতি শান্ত হয়।