পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ গাড়িতে আগুন-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে সমাবেশ শেষে মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌনে এক ঘণ্টার এ সংঘর্ষের সময় পাঁচ-ছয়টি হাতবোমা বিস্ফোরিত হয়। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএনপির নেতা-কর্মীদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশের সঙ্গে পরে র‌্যাবও যোগ দেয়। বিএনপি অভিযোগ করেছে, র‌্যাব-পুলিশের পিটুনিতে তাদের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।আর ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেছেন, বিএনপির সঙ্গে সংঘর্ষে ২৯ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনের আঘাত গুরুতর। তিনি বলেন, হামলাকারীরা শেরেবাংলা নগর থানার একটি গাড়িতে (ডাবল কেবিন পিকআপ) অগ্নিসংযোগ করেছে। পুলিশ জানায়, শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা একটি সভা শেষে রাজারবাগ থেকে ফেরার পথে শান্তিনগরে হামলার মুখে পড়েন। হামলায় ওসির মাথা ফেটে গেছে। তাঁর অবস্থা গুরুতর।গতকাল বিকেলে ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বেলা সাড়ে পাঁচটার দিকে দলীয় নেতা-কর্মীরা মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিল করতে গেলে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের লাঠিপেটা শুরু করে। এর পরই দুই পক্ষে সংঘর্ষ বাধে। নেতা-কর্মীরা ঘুরে দাঁড়িয়ে পুলিশের দিকে ইটের টুকরা ছুড়তে থাকেন। মুহূর্তে সংঘর্ষ আশপাশের সড়ক ও গলিতে ছড়িয়ে পড়ে। পুলিশও ব্যাপক লাঠিপেটা করে। একপর্যায়ে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। কিছুক্ষণ পর পুলিশের সঙ্গে র‌্যাবও যুক্ত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এ সময় কেন্দ্রীয় নেতারা বিএনপির কার্যালয়ের ভেতরে আশ্রয় নেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, কোনো উসকানি ছাড়াই পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করেছে।তবে পল্টন থানার কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কয়েকটি হাতবোমা বিস্ফোরণের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। তা ছাড়া বিএনপির নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর করছিলেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।