পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ডাকা ধর্মঘট চলাকালে গতকাল বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সংগঠনটির নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনা ঘটেছে৷
ধর্মঘটে নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের একটি বাসও ভাঙচুর করেন৷ ধর্মঘটের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল৷ শিবিরের কর্মী সন্দেহে চারজনকে আটক করে পুলিশ৷ ১৬ জুন ক্যাম্পাসে শিবিরের নেতা রাসেল আলমকে ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করে এবং তাঁর ডান পা কেটে গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলে৷ হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এ ধর্মঘট আহ্বান করে ছাত্রশিবির৷
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, গতকাল সকাল নয়টার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট দিয়ে শিবিরের কর্মীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়৷ তখন তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে৷ পুলিশ পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে৷ এ সময় দুই পক্ষে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়৷ পরে কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান৷
ওসি আরও বলেন, নাশকতা ঠেকাতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়৷ সকালে নগরের মণ্ডলের মোড় থেকে শিবিরের কর্মী সন্দেহে আটক করা হয় চারজনকে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মঘট শুরুর পর সকাল সাতটার দিকে ক্যাম্পাসের বাসস্ট্যান্ড-সংলগ্ন রাস্তায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান শিবিরের নেতা-কর্মীরা৷ এ সময় রাস্তার পাশ থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে পুলিশ৷ পৌনে আটটার দিকে শিক্ষার্থীদের পরিবহনে নিয়োজিত দুটি বাস পুলিিশ পাহারায় ক্যাম্পাস ছেড়ে যায়৷ প্রধান ফটক পার হয়ে যাওয়ার পরপরই একটি বাস লক্ষ্য করে ককটেল ছোড়েন শিবিরের কর্মীরা৷ আরেকটি বাস নগরের বর্ণালী মোড় থেকে ক্যাম্পাসে ফেরার পথে শিবিরের কর্মীরা তাতে ভাঙচুর চালান৷ তবে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি৷
এদিকে সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বিভিন্ন ভবনে অফিস কক্ষগুলোর তালায় সুপার গ্লু লাগানো হয়েছে৷ এতে শিক্ষকেরা এসে কক্ষে প্রবেশ করতে পারেননি৷ পরে তালাগুলো ভেঙে ফেলা হয়৷ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল খুব কম৷ তবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের একটি পরীক্ষা হয়েছে বলে জানান বিভাগের সভাপতি এ কে এম রফিউল ইসলাম৷
সকাল সাড়ে নয়টার দিকে ক্যাম্পাসে ধর্মঘটবিরোধী মহড়া দেন ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী৷ তাঁরা বিভিন্ন সড়কে মিছিল করে টুকিটাকি চত্বরে এসে অবস্থান নেন৷