গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে গতকাল বৃহস্পতিবার শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষে ৫০ শ্রমিক আহত হয়েছেন। নির্ধারিত দিন গতকাল বেতন-ভাতা না পেয়ে শ্রমিকেরা উত্তেজিত হলে এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, হরতালের কারণে তারা যথাসময়ে বেতন-ভাতা দিতে পারেনি।শিল্প পুলিশের গাজীপুর জোনের একাধিক কর্মকর্তা ও শ্রমিকেরা বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে অবস্থিত নিউ ঢাকা, এস এস ফ্যাশন, কেসিং টাওয়ার লেভেল ওয়ান, আইকেল ওয়ান-টু-থ্রি-ফোর, বেক্সিমকো ডেনিম, বেক্সিমকো টেক্সটাইল ও পদ্মা ডেনিম নামের সাতটি কারখানার প্রায় ৬০ হাজার শ্রমিককে গতকাল পর্যন্ত ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হয়নি। এ নিয়ে গতকাল শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে কারখানার একজন কর্মকর্তা কয়েকজন শ্রমিককে লাঞ্ছিত করেন। এতে শ্রমিকেরা আরও উত্তেজিত হয়ে ওই কর্মকর্তাকে ধাওয়া করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় চারজন শ্রমিক নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকেরা আরও মারমুখো হয়ে ওঠেন। খবর পেয়ে শিল্প পুলিশসহ চক্রবর্তী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় শ্রমিকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ পুরো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ছড়িয়ে পড়ে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বিকেল পাঁচটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের পর কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। এরপর বেশির ভাগ শ্রমিক শিল্পপার্ক এলাকা থেকে বেরিয়ে যান। স্থানীয় লোকজন জানান, ভেতরে অনেক শ্রমিককে আটকে রাখা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে সন্ধ্যা ছয়টার দিকে বাইরে থাকা শ্রমিকেরা ইন্ডাস্ট্রিয়াল পার্কে হামলার চেষ্টা চালান। এ সময় পুলিশ আবারও লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা শিল্পপার্কসংলগ্ন নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। আধা ঘণ্টা অবরোধ করে রাখার পর পুলিশ ধাওয়া করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবি, পুলিশের ছোড়া রাবার বুলেটে রাজু, লিপি, হাফিজুর, গাফ্ফার, আবদুল মালেক, মো. আজিজুল হকসহ ১২ শ্রমিক আহত হয়েছেন। পুলিশ বাসায় গিয়ে হাফিজুরের বাবা-মাকে পিটিয়ে আহত করেছে। শ্রমিকেরা বলেন, আহত ৪০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্রমিক-পুলিশ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের পরিচালক মো. মুনিবর রহমান বলেন, বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছুড়তে বাধ্য হয়েছে। তাঁর দাবি, সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।বেক্সিমকোর বক্তব্য: গতকাল বেক্সিমকো গ্রুপের এক বিবৃতিতে বলা হয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকদের আজ (গতকাল) বেতন দেওয়ার কথা থাকলেও হরতালের কারণে তা সম্ভব হয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হয় এবং তাঁরা দুটি গাড়ি ভাঙচুর করেন। কর্তৃপক্ষ তাঁদের কাছে বেতন-ভাতা পরিশোধের বিস্তারিত তুলে ধরলে পরিস্থিতি শান্ত হয়। আগামী কার্যদিবসে অবশ্যই তাঁদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।বিবৃতিতে আরও বলা হয়, বেক্সিমকো সব সময়ই নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করে থাকে। এই সপ্তাহে টানা হরতালের কারণে সময়মতো বেতন দিতে প্রতিষ্ঠানটির বিলম্ব হয়েছে।