পুলিশের সঙ্গে সংঘর্ষ, কুলিয়ারচরে যুবদল নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাসেন আলী নামের যুবদলের উপজেলা শাখার একজন সদস্য নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার রামদি ইউনিয়নের বাঘপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের কুলিয়ারচরের আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ তৈরি করেন হরতাল সমর্থকেরা। এ সময় পুলিশ এসে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে। ওই সময় হরতাল-সমর্থক আটজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে হাসেন আলী বিকেলে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, হরতালের সমর্থনে মিছিল করার সময় আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাঁদের অনেক কর্মী আহত হন। তিনি বলেন, পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের একটি শেল এসে যুবদল নেতা হাসেন আলীর গায়ে লাগে। তিনি পড়ে যাওয়ার পরও পুলিশ তাঁকে বেধড়ক পেটায়।

তবে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহার দাবি, হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসেন আলী মারা যান।