পুলিশের সঙ্গে সংঘর্ষ, পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত
রাজধানীর পল্লবীর কালসিতে গতকাল সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় জামায়াতে ইসলামীর নেতা বেলাল হোসেন (৫০) নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষে জামায়াতের ছোড়া ককটেলে এক কনস্টেবল আহত হন বলেও দাবি করেছে পুলিশ।
বেলাল পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জামায়াত দাবি করলেও হাসপাতাল সূত্র বলেছে, তাঁর শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি।
নিহত বেলাল হোসেনের স্বজনেরা জানান, তিনি দারুস সালাম থানা জামায়াতের আমির এবং কল্যাণপুরের ইবনে সিনা মসজিদের ইমাম ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে গতকাল সকাল সাড়ে আটটার দিকে পল্লবীর কালসি সড়কে জামায়াত মিছিল বের করে। ৪০-৫০ জনের ওই মিছিলের সামনে ব্যানারে লেখা ছিল—জামায়াতে ইসলামী, মিরপুর অঞ্চল। মিছিলটি কিছুদূর এগোনোর পর সেখানে প্রথমে একটি মাইক্রোবাসে ও একটু পর আরেকটি গাড়িতে করে কয়েকজন পুলিশ সদস্য আসেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে কয়েকটি ফাঁকা গুলি ছুড়লে মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ আবারও ফাঁকা গুলি ছুড়ে মিছিলকারীদের ধাওয়া করে। এ সময় সেখানে আতঙ্কের সৃষ্টি হয় এবং যানবাহনগুলো দ্রুতগতিতে সরে পড়ার চেষ্টা করে। ওই সময় বেলাল হোসেন দৌড় দিলে সাদা রঙের একটি পিকআপ তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে একটু দূরে গিয়ে পড়েন। পুলিশ বেলালকে তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁকে ধাক্কা দেওয়া পিকআপের চালক কামাল হোসেনকেসহ পিকআপটি আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির চাচাতো বোনের স্বামী মো. মাসুম জানান, বেলাল কল্যাণপুরের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। তাঁর তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষকান্দিতে।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে দাবি করেন, বেলাল হোসেন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিহত বেলালের শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। কপালের ডান পাশে চোখের ওপর থেকে কানের লতি পর্যন্ত গভীর রক্তাক্ত ক্ষত রয়েছে।
ঘটনাস্থলের পাশের খাবার হোটেল ও গাড়ির গ্যারেজের কর্মীরা জানান, তিনি (বেলাল) দৌড়ানোর সময় পিকআপটি তাঁকে ধাক্কা দেয়। পিকআপের সঙ্গে ধাক্কা লাগার আগে তাঁর গায়ে গুলি লেগেছে কি না, তা তাঁরা বলতে পারবেন না। তাঁরা পুলিশকে রাইফেলের নল ওপরের দিকে করে গুলি ছুড়তে দেখেছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান বলেন, ঘটনা সামাল দিতে পুলিশকে ১৫টির মতো ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। তবে তা কারও গায়ে লাগার কথা নয়। তিনি দাবি করেন, মিছিলকারীদের ছোড়া ককটেল বিস্ফোরিত হলে কনস্টেবল আবদুস সালাম আহত হন।