পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাসুদেবপুর বাজারে গতকাল সোমবার রাতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৭ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে বাসুদেবপুর বাজারে আওয়ামী লীগের কয়েকজন কর্মীকে মারধর করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পরে তাঁরা বাসুদেবপুর গ্রামে ছাত্রলীগের কর্মী সাজু মিয়ার বাড়িতে হামলা করে ভাঙচুর চালান। এতে বাধা দিলে স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মীদের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ এলে তাদের ওপরও হামলা চালায় জামায়াত-শিবির। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের দুই সদস্যসহ জামায়াত-শিবিরের ১০ কর্মী আহত হন।
গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের এক নেতা দাবি করেন, গত রোববার রাতে বাসুদেবপুর বাজারের জামায়াতের এক কর্মীর বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযান শেষে আওয়ামী লীগ পরিচয়ধারীরা ওই বাড়িতে ভাঙচুর চালান। এই ঘটনার জের ধরে আওয়ামী লীগ নেতাকে মারধর ও ছাত্রলীগ নেতার বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।