ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার
পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ২০ মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ
ছাত্রলীগের একজন নেতাকে গ্রেপ্তারের জের ধরে কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন। বিক্ষুব্ধ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন বন্ধ করে দেয় এবং প্রক্টরের কার্যালয় ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ভোর রাত সাড়ে চারটার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আসন্ন কাউন্সিলে সভাপতি প্রার্থী আলী মুর্তজা ওরফে খসরুকে ঢাকা থেকে ফেরার পথে কুষ্টিয়া সদর থানার পুলিশ গ্রেপ্তার করে। এ খবর জানতে পেরে ছাত্ররা রাত সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। খসরুকে গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসন ভবন ভোর রাত সাড়ে পাঁচটা থেকে বন্ধ করে রাখেন। প্রধান ফটক-সংলগ্ন মহাসড়ক অবরোধ করায় যানচলাচল বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের কোনো বাস ক্যাম্পাসে ঢুকতে পরেনি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মাদ আলী জানান, ছাত্রছাত্রী ক্যাম্পাসে না আসায় নির্ধারিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।এ খবর পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়া থেকে এক প্লাটুন দাঙ্গা পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এলে পুলিশ ও ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশও লাঠিপেটা শুরু করে। পরে পুলিশ ও ছাত্রদের মধ্যে প্রায় আধঘণ্টা ধরে সংঘর্ষ চলতে থাকে। পরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা ঘটনা স্থলে এসে বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি বিবেচনার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ, সিপাই হাসান, দৈনিক সংবাদ-এর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাকিরুল ইসলাম ও দৈনিক আন্দোলনের বাজার-এর প্রতিনিধি এস এম রনি, সবুজ, আরিফ, আশরাফ, মালেক, আসাদসহ কমপক্ষে ২০ জন আহত হন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা আলী মুর্তজাকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেন। কিন্তু কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে ব্যাপারে কোনো কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উপাচার্য এম আলাউদ্দিন আন্দোলনরত ছাত্রদের নিয়ে বৈঠকে বসেছেন।প্রাধ্যক্ষ কাউন্সিলের সভাপতি মাহবুবুর রহমান জানান, গতকালের পরিস্থিতি নিয়ে উপাচার্য এম আলাউদ্দিন আন্দোলনকারী ছাত্র ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে আটক আলী মুর্তজাকে দ্রুত মুক্তি দেওয়ার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদের আশ্বস্ত করা হয়েছে। গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির মিলনায়তনে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ও বাংলালিংকের সহায়তায় ‘জাগরণের গান’ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে না থাকায় অনুষ্ঠানটির স্থান পরিবর্তন করে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি মাঠের উন্মুক্ত মঞ্চে প্রতীকী ‘জাগরণের গান’-এর আয়োজন করা হয়।