পুলিশের সঙ্গে সংঘর্ষে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুর মাঠে গত শুক্রবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে মাদক বিক্রেতাদের সংঘর্ষ হয়েছে৷ এতে এক মাদকবিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন৷ উপজেলার গোপালপুর মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ গুলিবিদ্ধ মাদক বিক্রেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে৷
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, শেখ মুনছুর আলী ও কামরুল ইসলাম। এঁদের মধ্যে মুনছুর আলী গুলিবিদ্ধ হয়েছেন৷
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগীর মিঞা দাবি করেন, গত শুক্রবার রাতে তাঁরা জানতে পারেন, উপজেলার গোপালপুর মাঠে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করছেন। রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে যান৷ সেখানে পৌঁছামাত্র কয়েকজন তাঁদের লক্ষ্য করে ইটের টুকরা ছোড়েন। একপর্যায়ে তাঁরা লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালান।
এ সময় পুলিশ গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে কামরুলকে গ্রেপ্তার করে এবং মুনছুর আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
মুনছুর আলী দাবি করেন, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তঁারা গোপালপুর ঋষিপাড়ায় ফেনসিডিল ও মদ পান করছিলেন। এ সময় পুলিশ তাঁদের দুজনকে গ্রেপ্তার করে। পরে মাঠে নিয়ে গিয়ে পুলিশ তাঁর পায়ে গুলি করে।