পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পূর্ব দাড়িয়াপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ইন্তাজুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া চারজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।ইন্তাজুল উপজেলার দাড়িয়াপুর গ্রামের গাজিউর রহমান ওরফে গাজু মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন নছিমনচালক এবং স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জানান, ইন্তাজুল যুবদলের ৯ নম্বর ওয়ার্ড কমিটির প্রচার সম্পাদক ছিলেন। ইন্তাজুলের চাচা মোহাম্মদ আলীও বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর ভাতিজা যুবদলের ওয়ার্ড শাখার প্রচার সম্পাদক ছিলেন। তাঁর দুটি মেয়ে রয়েছে।গ্রামবাসী জানান, তাঁদের গ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপির সমর্থক বেশি। সম্প্রতি হরতালে মহেশপুরে জামায়াত-পুলিশ সংঘর্ষ হয়। এতে থানায় বেশ কয়েকটি মামলা হয়। ওই মামলাগুলোতে তাঁদের গ্রামের সাতজনকে আসামি করা হয়। আসামিরা ইতিমধ্যে আদালত থেকে জামিন নিয়েছেন। তার পরও পুলিশ বেশ কয়েকবার গ্রামে অভিযান চালিয়েছে। কিন্তু গ্রামবাসীর প্রতিরোধে তারা ফিরে যেতে বাধ্য হয়। এ কারণে ক্ষুব্ধ হয়ে পুলিশ গতকাল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তাদের সঙ্গে সরকারদলীয় লোকজনও ছিল।গ্রামবাসীর ভাষ্যমতে, গতকাল ভোর সাড়ে চারটার দিকে ৯-১০টি গাড়ি নিয়ে পুলিশ গ্রামে প্রবেশ করে। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তারা শুরুতেই ফাঁকা গুলি ছোড়ে। পরে গ্রামবাসীও একত্র হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। জবাবে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে। এভাবে প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষ চলে। একপর্যায়ে পুলিশ গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে ইন্তাজুল ইসলাম, আতিয়ার রহমান, সহিদুল ইসলাম, লুৎফর রহমানসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। ইন্তাজুল ঘটনাস্থলেই মারা যান। বাকি চারজন আটকের ভয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন দাবি করেন, তাঁরা অন্যদিনের মতো গতকালও ওই গ্রামে আসামি ধরতে অভিযান চালান। কিন্তু জামায়াতে ইসলামীর সশস্ত্র ক্যাডাররা আগে থেকেই রাস্তার ওপর গাছ ফেলে রাখে। পুলিশ সদস্যরা গাছ সরাতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পুলিশ তাদের নিবৃত্ত করতে ফাঁকা গুলি ছোড়ে। এতে সন্ত্রাসীরা আরও মারমুখী হয়ে ওঠে। ওসির দাবি, গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে একত্র হয়ে ‘ডাকাত ডাকাত’ বলে তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়। এতে একজন নিহত হয়। এ ছাড়া আট পুলিশ সদস্যও আহত হয়েছেন। ওসি বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ।পুলিশের সঙ্গে অভিযানে অংশ নেওয়ার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি এম এ আসাদ বলেন, ‘সংঘর্ষে সরকারদলীয় লোকজন জড়িত বলে যে প্রচার চালানো হচ্ছে তা মিথ্যা।’ তিনি উল্টো দাবি করেন, ঘটনার পর এলাকায় জামায়াত-শিবির ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা ইতিমধ্যে সরকারদলীয় তিনজন সমর্থকের বাড়ি ও পাঁচটি দোকান ভাঙচুর করেছে।