পুলিশের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ যুবকের মৃত্যু
রাজধানীর শাহ আলী থানার রাইনখোলা এলাকায় গতকাল রোববার পুলিশের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। তবে এলাকাবাসী জানিয়েছে, ২২-২৩ বছরের ওই যুবককে সাদা পোশাকে থাকা চারজন পুলিশ হাঁটিয়ে এনে রাস্তার পাশে ইটের স্তুপের সামনে দাঁড় করিয়ে গুলি করেছে। তাঁকে হাসপাতালে না নিয়ে অন্তত এক ঘণ্টা সেখানে ফেলে রাখা হয়।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিরপুর চিড়িয়াখানা সড়কে একটি মোটরসাইকেলে দুই যুবক যাওয়ার সময় পুলিশ তাঁদের থামায়। এ সময় তাঁরা পুলিশের দিকে গুলি ছুড়লে উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন ও মশিউর রহমান আহত হন। পুলিশও পাল্টা গুলি চালালে এক যুবকের গায়ে গুলি লাগে। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। অপরজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম-ঠিকানা পাওয়া যায়নি।রাতে চিড়িয়াখানা সড়কে গিয়ে দেখা গেছে, বক্সনগর ঢালে নির্মাণাধীন একটি বহুতল ভবনের সামনে রাখা ইটের স্তুপের পাশে ছোপ ছোপ রক্ত। স্থানীয় লোকজন প্রথমে এ বিষয়ে কথা বলতে চাচ্ছিলেন না। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, সন্ধ্যা সাতটার পর সাদা পোশাকের চারজন পুলিশ সদস্য ঢালের মাথায় মাইক্রোবাস থেকে নামে। সঙ্গে ছিল ওই যুবক। তাঁকে ইটের স্তুপের সামনে এনে রাস্তার দিকে পেছন ফিরিয়ে দাঁড় করানোর পর কয়েকটি গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দে আতঙ্কে ছোটাছুটি করে মানুষ। পুলিশ সেখানে কাউকে যেতে দেয়নি। পৌনে নয়টার দিকে পুলিশের গাড়িতে করে দেহটি সরিয়ে নেওয়া হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, জিন্স ও কালো চেক শার্ট পরা গুলিবিদ্ধ ওই যুবককে রাত নয়টা ৫৫ মিনিটে হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর পেটে, পায়ে ও শরীরের পেছনে কয়েকটি গুলির চিহ্ন দেখা গেছে। স্যান্ডেলে ইটের গুঁড়া লেগে ছিল।