পুলিশের সঙ্গে ‘গোলাগুলি’তে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকায় গতকাল সোমবার বিকেলে পুলিশের সঙ্গে ‘গোলাগুলি’তে এরিস্টটল আমিন ওরফে জিকু (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, এরিস্টটল মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, বিকেল পাঁচটার দিকে পুলিশের কাছে খবর আসে যে নিকুঞ্জ-২ এলাকায় একটি গাড়িতে কয়েকজন সন্ত্রাসী ঘোরাঘুরি করছে। পুলিশের একটি দল সেখানে গিয়ে গাড়িটি দেখে থামানোর চেষ্টা করে। এ সময় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিককে ধাক্কা দিয়ে এবং পুলিশের দিকে গুলি ছুড়তে ছুড়তে সন্ত্রাসীরা দ্রুতবেগে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পুলিশ ধাওয়া করে বিমানবন্দর গোলচত্বরের ১৫০ গজ দক্ষিণে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি পায়। গাড়ির ভেতরে এরিস্টটলের লাশ পড়ে ছিল।ওসি জানান, গাড়িতে থাকা অন্য তিন আরোহী পালিয়ে গেছেন। গাড়ি তল্লাশি করে একটি রিভলবার, সাত বোতল ফেনসিডিল, তিন পুরিয়া হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জাম পাওয়া যায়।পুলিশ জানায়, এরিস্টটল বনানীর ডিওএইচএসে ভাড়া বাসায় থাকতেন। তিনি বিশেষ কিছু করতেন না। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।কচুয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ : চাঁদপুর প্রতিনিধি জানায়, চাঁদপুরের কচুয়ায় গত রোববার দিবাগত রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গোলাম গাউস ওরফে মনি গাউস (৫০) নিহত হয়েছেন। তাঁর বাড়ি কচুয়া উপজেলার মেগদাই গ্রামে। পরে ঘটনাস্থল থেকে একটি রিভলবার, রিভলবারের দুটি গুলি, একটি এলজি, চারটি কার্তুজ, একটি রামদা ও তিনটি কিরিচ উদ্ধার করা হয়। র‌্যাবের বরাত দিয়ে কচুয়া থানার পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতে কচুয়ার ঘাগড়া এলাকায় র‌্যাব-১১-এর টহলরত একটি দলের মুখোমুখি হয়। এ সময় র‌্যাবের সদস্যরা ওই দলটিকে চ্যালেঞ্জ করলে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত সদস্য মনি গাউস ঘটনাস্থলেই মারা যান।