পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন আহত
যশোরের শার্শা উপজেলার শিকড়ি শিবপুকুর এলাকায় গতকাল শুক্রবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় রফিকুলসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন আবদুস সাত্তার ( ৪৫) ও মো. নুরুজ্জামান (৪০)। রফিকুলকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বিবরণ অনুযায়ী, শিকড়ি শিবপুকুর এলাকার একটি মেহগনি বাগানে কয়েকজন সন্ত্রাসী আত্মগোপন করেছে—এ খবরের ভিত্তিতে গতকাল ভোরে টহল পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে তিন-চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং কয়েকটি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এতে একটি গুলি রফিকুলের পায়ে লাগে। পরে রফিকুলসহ সাত্তার ও তাঁর সহযোগী নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি গুলি ও দুটি হাতবোমা উদ্ধার করা হয়।
তবে হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শিকড়ি শিবপুকুর এলাকা থেকে পুলিশ তাঁকে ধরে বেনাপোল থানায় নিয়ে যায়। এরপর গভীর রাতে চোখ বেঁধে তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে পায়ে গুলি করে। তাঁর কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। পুলিশ অস্ত্র দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, রফিকুলের নামে শার্শা ও বেনাপোল থানায় খুনসহ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া সাত্তারের বিরুদ্ধে একটি ডাকাতি এবং নুরুজ্জামানের নামে মারামারির দুটি মামলা রয়েছে।