পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের রাজীবপুর গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তবে নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে আটকের পর তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত যুবকের নাম তারেক হোসেন (২৮)। তিনি সদর উপজেলার মকরধজ গ্রামের আবদুর শুক্কুরের ছেলে। তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তাঁর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন বলেন, স্থানীয় সন্ত্রাসী বাশার বাহিনীর সদস্য তারেক রাজীবপুর গ্রামে অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে শনিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা স্থানীয় বাবুল মেম্বারের বাড়ির সামনের রাস্তায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তারেক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। গোলাগুলির ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল মাইন উদ্দিন, সালাউদ্দিন, সদর থানার পুলিশ সদস্য হেলাল উদ্দিন ও মাইন উদ্দিন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, তারেকের বুকে ও পিঠে তিনটি গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
তারেকের বাবা সিরাজ প্রথম আলোকে বলেন, সাত বছর আগে তাঁর ছেলে বাড়িছাড়া হন। তারেক স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর সঙ্গে কাজ করতেন। আগে বিএনপির রাজনীতি করলেও পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। রমজানের ঈদের পর থেকে ছেলের কোনো খোঁজ পরিবার পায়নি। তারেকের সহযোগীরাই তাঁকে ডিবি পুলিশের হাতে তুলে দিয়েছেন। বন্দুকযুদ্ধে তারেক মারা যাননি। গুলি করে হত্যা করা হয়েছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন অবশ্য ডিবি পরিচয়ে আটকের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, বন্দুকযুদ্ধের ঘটনার তারেক মারা গেছেন। তাঁর বিরুদ্ধে বশিকপুরের দুই ভাই রতন ও ইসমাইল হত্যাসহ ডাকাতি, অস্ত্র আইনে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে লক্ষ্মীপুর মডেল থানা ও চন্দ্রগঞ্জ থানায় ১১টি মামলা রয়েছে।