পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইনে কবরস্থান এলাকায় গত সোমবার গভীর রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত যুবকের নাম মামুন (৩০)। তিনি অস্ত্র বেচাকেনায় জড়িত ছিলেন।

১২ আগস্ট রাতে গোয়েন্দা পুলিশ জুরাইন কবরস্থানে অভিযান চালাতে গেলে অস্ত্র ব্যবসায়ীরা গুলি চালান। এতে ডিবির পশ্চিম বিভাগের সহকারী কমিশনার রাহুল পাটোয়ারিসহ তিনজন আহত হন।

গোয়েন্দা পুলিশের ভাষ্য, ওই ঘটনার পর পুলিশ অস্ত্র ব্যবসায়ীদের ধরতে অভিযানে নামে। একপর্যায়ে পুলিশ অবৈধ অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত দেলোয়ার হোসেন ওরফে শান্তকে গ্রেপ্তার করে। দেলোয়ারকে সঙ্গে নিয়ে গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জুরাইন কবরস্থান এলাকায় আবার অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তখন এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত যুবককে মামুন বলে শনাক্ত করেন দেলোয়ার।

ডিবির পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম মোস্তফা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দেশে তৈরি দুটি পিস্তল ও গুলির খোসা উদ্ধার করেছে। গ্রেপ্তার হওয়া দেলোয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, তাঁরা অবৈধ অস্ত্র বেচাকেনায় জড়িত।

ডিবির ওই কর্মকর্তা আরও বলেন, নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তাঁর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।