পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধ' তিন জেলায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন জেলায় চারজন নিহত হয়েছেন। গত সোমবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুজন ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একজন নিহত হন। রংপুরের মিঠাপুকুরে গত বুধবার রাতে ফুলবাড়ী মহাসড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশের গুলিতে নিহত হন আরও একজন।
টাঙ্গাইল: মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত প্রথম আলোকে বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী নূর ইসলাম ওরফে উল্কা তাঁর সহযোগীদের নিয়ে সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে টাকিয়া কদমা দক্ষিণপাড়ার আবদুল মান্নানের বাড়িতে অবস্থান করছিলেন। তাঁদের গ্রেপ্তারে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ঘর থেকে উল্কা ও তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ উল্কা ঘটনাস্থলেই নিহত এবং তাঁর দুই সহযোগী সাগর ও শাহেদ আহত হন। এ ছাড়া ঘটনাস্থল থেকে রিয়াদ নামের তাঁর আরেক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরেক সহযোগী পালিয়ে যান। আহত সাগর ও শাহেদকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার বিকেলে শাহেদের মৃত্যু হয়।
শাহেদের মা সাজেদা বেগম বলেন, তাঁর ছেলে পেশায় ট্রাকচালক। নানার বাড়ি বেড়াতে আসার পর পুলিশের গুলিতে নিহত হন।
কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর বলেন, তাঁর পুরো নাম সামিউল সাদাত সাগর। বাড়ি টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ায়। ঢাকার বনানীর প্রাইম এশিয়ান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের অষ্টম সেমিস্টারের ছাত্র বলে তিনি জানান।
গত শুক্রবার রাতে টাঙ্গাইলের পূর্ব আদালতপাড়ায় উল্কাকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁর গুলিতে টাঙ্গাইল মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূরুল ইসলাম আহত হন বলে অভিযোগ রয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় উল্কাসহ ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামি করে মামলা হয়।
ঝিনাইদহ: পুলিশের ভাষ্যমতে, সোমবার ভোর তিনটার দিকে শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া গ্রামে ‘বন্দুকযুদ্ধে’ মনিরুল ইসলাম (৩৫) নামের এক সন্ত্রাসী নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান, একটি গুলি ও একটি ছোরা উদ্ধার করেছে। মনিরুলের বাড়ি কুষ্টিয়ার নিত্যানন্দপুর গ্রামে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, কানাপুকুরিয়া গ্রামের রাস্তায় পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
তবে মনিরুলের পরিবারের সদস্যদের অভিযোগ, মনিরুলকে দুই দিন আগে কুষ্টিয়া থেকে আটক করে পুলিশ। পরে শৈলকুপায় এনে গুলি করে হত্যা করা হয়।
রংপুর: পুলিশের বর্ণনা অনুযায়ী, বুধবার রাত ১০টার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ী মহাসড়কের ভেলুয়ার সেতুর কাছে আলমগীর হোসেন (৩০) নামের এক ছিনতাইকারী এক মোটরসাইকেল আরোহীর গতি রোধ করেন। তাঁকে অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন আলমগীর। খবর পেয়ে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। এ সময় আলমগীর নিহত হন। তাঁর বাড়ি উপজেলার ময়েনপুরে।
মিঠাপুকুর থানার ওসি রবিউল ইসলাম জানান, আলমগীরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
{প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর ও নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ এবং টাঙ্গাইল ও মির্জাপুর প্রতিনিধি}