পুলিশের সঙ্গে 'সংঘর্ষে' গুলিবিদ্ধ ২
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ রমজান আলী মোল্লা (৩৩) ও মফিজুল ইসলাম (২৬) নামের দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, গুলিবিদ্ধ দুজন অস্ত্র ব্যবসায়ী। তবে পরিবারের সদস্যদের দাবি, তাঁদের একজন ভ্যানচালক ও অন্যজন কাপড় ব্যবসায়ী। দুজনকেই ধরে নিয়ে গুলি করেছে পুলিশ।
সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনের ভাষ্য অনুযায়ী উপজেলার একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অস্ত্র কেনা-বেচার খবর পেয়ে রাত দেড়টার দিকে এসআই পিন্টু লাল দাস ও এএসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় যায়। এ সময় অস্ত্র ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দুটি ককটেল ও বিস্ফোরিত বোমার অংশবিশেষ উদ্ধার করে। পরে গুলিবিদ্ধ অস্ত্র ব্যবসায়ী রমজান আলী মোল্লা ও মফিজুল ইসলামকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রজমান আলী সাতক্ষীরা সদর থানার ঘরচালা গ্রামের শওকত আলী মোল্লার ছেলে। আর মফিজুল কলারোয়া উপজেলার মাদরা গ্রামের শুকুর আলী সরদারের ছেলে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবর রহমান বলেন, দুজনই বাম পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের খুলনায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
রমজান আলীর স্ত্রী বুলবুলি খাতুন প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী একজন ভ্যানচালক। কোনো রাজনীতি করেন না। মঙ্গলবার রাত ১০টার দিকে ঘরচালা মোড় থেকে পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। গতকাল বুধবার সকালে শোনেন তাঁর স্বামী গুলিবিদ্ধ হয়েছেন।
মফিজুল ইসলামের ভাই মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কলারোয়া উপজেলা সদরে তাঁর ভাইয়ের কাপড়ের দোকান আছে। রোববার বিকেল পাঁচটার দিকে কলারোয়া থেকে পুলিশ তাঁকে আটক করে। গতকাল বুধবার সকালে তিনি জানতে পারেন গুলিবিদ্ধ অবস্থায় তাঁর ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম জানান, এ ঘটনায় থানার উপপরিদর্শক পিন্টু লাল দাস বাদী হয়ে গুলিবিদ্ধ দুজনের নামে একটি মামলা করেছেন।