পুলিশের সঙ্গে 'সংঘর্ষে' জামায়াত কর্মী গুলিবিদ্ধ
সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামে গতকাল শুক্রবার দুপুরে পুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ জামায়াতে ইসলামীর কর্মী মোবাশ্বের হোসেন ওরফে মধু (৩৭) গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ বলছে, জামায়াত-শিবিরের কর্মীদের ইট ও বোমা হামলার জবাবে পুলিশ গুলি চালালে মোবাশ্বের হোসেন গুলিবিদ্ধ হন। তবে মোবাশ্বের হোসেন বলেছেন, পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে দুই দফা গুলি করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হকের ভাষ্য অনুযায়ী, সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর বটতলা এলাকায় জুমার নামাজ সামনে রেখে জামায়াত-শিবিরের কর্মীরা একত্র হচ্ছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে পুলিশের একটি দল সেখানে ছুটে যায়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশ সদস্যদের ওপর ইট ও বোমা ছুড়ে মারেন। পুলিশ আত্মরক্ষার্থে তখন গুলি চালায়। এতে মোবাশ্বের হোসেন গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যান। পরে মোবাশ্বের হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন মোবাশ্বের হোসেন প্রথম আলোকে জানান, তিনি গতকাল সকাল থেকে তাঁদের বাড়িসংলগ্ন মাঠে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিতে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁকে গুলি করে। তাঁর পায়ে গুলি লাগলে তিনি মাটিতে পড়ে যান। পরে পুলিশ তাঁকে আবারও গুলি করে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেখ ফয়সাল আহমেদ জানান, মোবাশ্বের হোসেনের বাঁ ও ডান পায়ের ঊরুতে এবং কবজিতে গুলি লেগেছে।
ওসি ইনামুল হক জানান, মোবাশ্বের হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেনকে হত্যাচেষ্টার মামলাসহ সাতটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। তিনি সদর উপজেলার মথুরাপুর গ্রামের আবদুল আজিজের ছেলে।
ওসি দাবি করেন, সংঘর্ষের সময় জামায়াত-শিবিরের কর্মীরা পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটান। জবাবে পুলিশ সাতটি গুলি করে। বোমার স্প্লিন্টারে কনস্টেবল আবদুল আজিজ সামান্য আহত হন। তাঁকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ৩০ নভেম্বর সকালে সাংবাদিক ইয়ারব হোসেন তজুলপুরের গ্রামের বাড়ি থেকে পেশাগত কাজে সাতক্ষীরা শহরে যাচ্ছিলেন। পথে দেবনগর এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করেন। ৩৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৬ জানুয়ারি তিনি বাড়িতে ফেরেন।