পুলিশের সঙ্গে 'সংঘর্ষে' বিএনপির কর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারী গ্রামে গত মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জামাল ফারুক (৩৬) নামের বিএনপির এক কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ওই রাতেই শ্যামনগর থানার উপপরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে জামালসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহর নামও রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগীর মিয়ার ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জামাল ফারুকসহ একাধিক মামলার কয়েকজন আসামি কাশিমারী গ্রামের সরদার পাড়ার একটি বাড়িতে অবস্থান করছেন। এই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর দুইটার দিকে পুলিশ বাড়িটি ঘেরাও করে। এ সময় বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। একপর্যায়ে রামদা ও লাঠি নিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ১৫-১৬ জন কর্মী পুলিশের ওপর হামলা করেন। এ সময় পুলিশ গুলি চালালে হামলাকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে জামাল ফারুককে বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এলাকাবাসী বলছেন, তাঁরা এ ধরনের ঘটনা সম্পর্কে কিছু জানেন না।