পুলিশের সঙ্গে'গুলি বিনিময়ে' দুজন নিহত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বানিয়াগাতীতে গত সোমবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘গুলি বিনিময়ে’ দুই ‘ডাকাত’ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন বানিয়াগাতী দক্ষিণপাড়া গ্রামের মুনসুর আলী (২৮) ও বানিয়াগাতী উত্তরপাড়া গ্রামের আল-মাহমুদ (২৯)। দুজনই সম্পর্কে চাচাতো ভাই এবং তাঁরা নছিমন চালাতেন।
পুলিশ জানায়, অবরোধের সুযোগ নিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের বিভিন্ন এলাকায় প্রায়ই ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটে।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল মহাসড়কে চলাচলকারী যানবাহনে ককটেল ছুড়ে গতি রোধ করে ডাকাতি করতে থাকে। এ সময় টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা তাদের লক্ষ্য করে ককটেল ছোড়ে। এ সময় পুলিশও গুলি ছোড়ে। একপর্যায়ে উভয়ের মধ্যে গুলি বিনিময় হয়। এ ঘটনায়আল-মাহমুদ নিহত এবং ডাকাত সদস্য মনসুরসহ দুই পুলিশ সদস্য আহত হন।
পুলিশের আহত সদস্যরা হলেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব ও কনস্টেবল ওলি আহমেদ। একপর্যায়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও দুটি ককটেল উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে গ্রামের বাড়ি থেকে মনসুরের লাশ উদ্ধার করা হয়।