পুলিশের সততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুন্ডির ১৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা ১০ মিনিটে কুমিল্লা শহরের নবাববাড়ি চৌমুহনী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আইয়ুবকে অর্ধেক টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তিনি তাঁদের ছাড় দেননি। একই কর্মকর্তা এর আগে ৪০ লাখ টাকা উদ্ধার করেন। সে সময়ও তাঁকে অর্ধেক টাকা দেওয়ার প্রস্তাব দেন ব্যবসায়ীরা। কিন্তু তিনি তা নেননি। এ জন্য তিনি পুরস্কার পান।কোতোয়ালি মডেল থানার তদন্ত পরিদর্শক মোহাম্মদ আইয়ুব জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই শহরের নবাববাড়ি চৌমুহনী এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। বিকেল পাঁচটা ১০ মিনিটে একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী ওই চেকপোস্ট অতিক্রম করছিলেন। ওই সময়ে পুলিশের কয়েকজন সদস্য তাঁদের দাঁড়ানোর জন্য গতিরোধের চেষ্টা করেন। কিন্তু তাঁরা পুলিশের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ সদস্যরা মোটরসাইকেলে ধাওয়া করে তাঁদের ধরে ফেলেন। পরে ওই দুই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ১৪ লাখ টাকা পাওয়া যায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তি এগুলো হুন্ডির টাকা বলে স্বীকার করেন। পরে মোটরসাইকেলসহ তাঁদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার রাজামারা গ্রামের বাসিন্দা আবদুল্লাহিল বাকী (৩৫) ও মোহাম্মদ নেয়ামত উল্লাহ (৩১)। তাঁদের নামে থানায় মামলা হয়েছে। আবদুল্লাহিল বাকী ও নেয়ামত উল্লাহ বলেন, এগুলো হুন্ডির টাকা। কুমিল্লা শহরতলির বলরামপুর এলাকার জনৈক মিজানুর রহমানের কাছ থেকে তাঁরা টাকা নেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ টাকাগুলো হুন্ডির বলে নিশ্চিত করেন।এর আগে ২০০৮ সালের আগস্ট মাসে কোতোয়ালি মডেল থানার তদন্ত পরিদর্শক মোহাম্মদ আইয়ুব যাত্রীবাহী একটি বাস থেকে হুন্ডির ৪০ লাখ টাকা উদ্ধার করেন। তখন তিনি কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) ছিলেন। ওই সময়ে হুন্ডি ব্যবসায়ীরা তাঁকে ২০ লাখ টাকা নিয়ে যাওয়ার অনুরোধ করেন। মোহাম্মদ আইয়ুব ওই অনুরোধ উপেক্ষা করেন। পরে তাঁর সততার জন্য তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ তাঁকে পুরস্কার দেন।