রাজধানীর ইন্দিরা রোডে ভার্জিনিয়া রোজারিও ও তাঁর ছেলে ভেলেন্টাইন রোজারিও মিল্টন হত্যার ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ ধারণা করছে, সম্পত্তি বা নারীঘটিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। হত্যাকাণ্ডে ঘনিষ্ঠজনদের হাত আছে বলে পুলিশের সন্দেহ।খুনের ঘটনায় ভার্জিনিয়ার মেয়ে সেলিন গোমেজ কুসুম গত রোববার রাতে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। এজাহারে তিনি এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে উল্লেখ করেন। মা ও ছেলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আজিমুদ্দিন বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মিল্টন দুটি বিয়ে করেছিলেন। তাই ধারণা করা হচ্ছে, সম্পত্তি নিয়ে বিরোধের পাশাপাশি নারীঘটিত বিষয় নিয়েও এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তিনি বলেন, ‘আমরা মিল্টনের ব্যবহূত মুঠোফোন নম্বর সংগ্রহ করে তা খতিয়ে দেখছি। সন্দেহ করা হচ্ছে, বন্ধুবান্ধব বা ঘনিষ্ঠজনেরাই এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।’পুলিশ জানায়, মামলার এজাহারে সেলিন গোমেজ উল্লেখ করেছেন, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে তাঁর মা ও ভাইকে হত্যা করেছে।গতকাল বেলা সাড়ে ১১টায় ১৬/এফ ইন্দিরা রোডের বাড়িতে ভার্জিনিয়ার ফ্ল্যাটটি তালাবদ্ধ দেখা যায়।ওই বাড়ি যে গলিতে, সেখানে রোববার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত পাহারার দায়িত্বে থাকা মোছলেম উদ্দীন জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ওই বাসার সামনে একটি হালকা নীল রঙের মোটরসাইকেল থামানো দেখেন। কিছুক্ষণ পর হালকা-পাতলা গড়নের ও প্যান্ট-গেঞ্জি পরা এক যুবক দ্রুত বের হয়ে ওই মোটরসাইকেলে করে চলে যান।ওই বাড়ির নিরাপত্তাকর্মী তোতা মিয়া জানান, মিল্টন দুটি বিয়ে করলেও দুই স্ত্রীর সঙ্গেই তালাক হয়ে গেছে। প্রথম স্ত্রী ছিলেন খ্রিষ্টান এবং দ্বিতীয়জন মুসলমান। দ্বিতীয় স্ত্রী বিমানবালা এবং একই এলাকায় থাকতেন। তবে এখন কোথায় থাকেন, তা তিনি জানেন না।বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও গতকাল এক বিবৃতিতে ভার্জিনিয়া ও তাঁর ছেলের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং এর সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।