কলেজছাত্র দ্যাসিন হ্যারিসন ত্রিপুরাকে (২২) কল্যাণপুরের একটি বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় করা হত্যা মামলায় হ্যারিসনের দুই বন্ধুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যারিসনের স্বজনেরা দাবি করেছেন, লাশ উদ্ধারের ঘণ্টা খানেক পরও হ্যারিসনের ফেসবুক পৃষ্ঠায় স্ট্যাটাস আপডেট করা হয়েছে, যেটি সন্দেহজনক।
গত মঙ্গলবার মধ্যরাতে পুলিশ পশ্চিম কল্যাণপুরের ৩/ই নম্বর বাড়ির সামনের রাস্তা থেকে হ্যারিসনের রক্তাক্ত লাশ উদ্ধার করে। তাঁর বাঁ চোয়াল ভাঙা ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তিনি আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র।
দারুস সালাম থানার পুলিশ জানায়, হ্যারিসন কল্যাণপুরে বন্ধু জাহিদুল ইসলামের মেসে বেড়াতে গিয়েছিলেন। ওই মেসের সামনে থেকেই তাঁর লাশ উদ্ধার করা হয়। পরে হ্যারিসনের বন্ধু জাহিদ, গোপালসহ ওই মেসের সাতজনকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। গত মঙ্গলবার গভীর রাতে হ্যারিসনের বড় ভাই সাইক্রোনি ত্রিপুরা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এজাহারে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
পুলিশের মিরপুর বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার মাসুদ আহাম্মদ বলেন, হ্যারিসনের বন্ধু জাহিদ ছয়তলা বাড়ির চারতলায় মেস করে থাকেন। পাশে আরও দুটি ভবন। ধারণা করা হচ্ছে, এই তিনটির যেকোনো একটি ভবনের ছাদ থেকে হ্যারিসনকে ফেলে হত্যা করা হয়েছে।
হ্যারিসন তাঁর বড় ভাই সাইক্রোনি ত্রিপুরার মোহাম্মদপুরের ২২/৪ বাবর রোডের বাসায় থাকতেন।
সাইক্রোনি ত্রিপুরা বলেন, তিনি ধারণা করছেন, হ্যারিসনকে হত্যা করা হয়েছে। তবে তিনি খুনের মোটিভ বুঝে উঠতে পারছেন না। এর সঙ্গে তাঁর বন্ধুরা জড়িত থাকতে পারেন। তিনি বলেন, হ্যারিসনের স্কুলের বন্ধু জাহিদের বাড়িও দীঘিনালায়। জাহিদকে কল্যাণপুরে মেস ঠিক করে দিয়েছিলেন হ্যারিসন। দুই দিন আগে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে জাহিদের বাসায় বেড়াতে যান তিনি। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে খাগড়াছড়িতে মায়ের সঙ্গে হ্যারিসনের মুঠোফোনে কথা হয়। এরপর তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। হ্যারিসনের বাবা দশরথ রায় পোমাং রাঙামাটিতে সোনালী ব্যাংকের কর্মকর্তা। তাঁর গ্রামের বাড়ি খাগড়াছড়ির দীঘিনালায়।
দীঘিনালা প্রতিনিধি জানান, গতকাল বিকেলে উপজেলা সদরে দশরথ পোমাংয়ের বাসায় গেলে তিনি বলেন, ‘আমার ছেলে ছাদ থেকে পড়ে মারা যায়নি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ হ্যারিসনের মা পুষ্পিতা ত্রিপুরা বলেন, ‘কিছুদিন আগে একজন নারী ও একজন পুরুষ আমার বাসায় এসে হ্যারিসনকে হত্যার হুমকি দিয়েছিল। ওরাই আমার সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’