মেহেরপুরের মুজিবনগরে বাবা-মেয়ে জোড়া খুন মামলার এখনো কূলকিনারা হয়নি। প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২১ মার্চ রাতে মুজিবনগরের রতনপুর গ্রামের পল্লি চিকিৎসক হামিদুর রহমান ওরফে হেলালকে তাঁর নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় তাঁর মেয়ে সিতু (১৮) বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁকেও খুন করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সন্ধ্যা বিশ্বাস পরদিন অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মুজিবনগর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মধুসূদন মোস্তাকি জানান, তদন্ত চলছে। ইতিমধ্যে ব্যানা (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যানা খুনিদের অবস্থান সম্পর্কে জানেন। পুলিশ সন্দেহভাজন এমন ৮-১০ জনকে খুঁজছে। এ হত্যাকাণ্ডের পেছনে একটি বেসরকারি সংস্থার নির্বাচনী উত্তেজনাকেই মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।মামলার বাদী সন্ধ্যা বিশ্বাস বলেন, ‘এ হত্যাকাণ্ডের পেছনে বিআরডিবির নির্বাচন ছাড়া আমার স্বামীকে হত্যার কোনো কারণ সন্দেহের মধ্যে নেই। তবে খুনিরা বহিরাগত। পুলিশ যাকে গ্রেপ্তার করেছে এবং যাদের সন্দেহ করছে, আমাদের চোখে তারা অপরাধী নয়।’গ্রামবাসী ও নিহতের পরিবারের দাবি, এলাকায় তাঁদের শত্রু ছিল না। তিনি দীর্ঘ দিন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মেহেরপুরের চেয়ারম্যান ছিলেন। গতবার এ সংস্থার চেয়ারম্যান পদে নির্বাচন করেননি। এবার ওই পদে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছিলেন। কিন্তু বিআরডিবি কার্যালয়ে গিয়ে রাজনৈতিক কিছু নেতা-কর্মী হুমকি দেওয়ায় তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পেছনে বিআরডিবির নির্বাচন ও কর্তৃত্ব সংক্রান্ত উত্তেজনা জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।