পুলিশের সহযোগিতায় তোতাকে খুন করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পুলিশের সহযোগিতায় সন্ত্রাসীরা ব্যবসায়ী তোতা মিয়াকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার তোতা মিয়ার স্ত্রী লিলি আক্তার সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরবাগ গ্রামের বাসিন্দা ব্যবসায়ী তোতা মিয়ার স্ত্রী লিলি আক্তার বলেন, ‘গত ১০ মে আমার স্বামী তোতা মিয়াকে সোনারগাঁ থানার এএসআই হেমায়েত হোসেন মুঠোফোনে ডেকে থানায় নিয়ে যান। পরদিন সকালে থানার পুলিশের ব্যবহৃত ঘাটলা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমি প্রভাবশালী প্রতিবেশী বাচ্চু মিয়া ও খোকন মিয়ার নাম উল্লেখ করে থানায় একটি মামলা করি। তবে পুলিশের বিরুদ্ধে মামলা করতে চাইলেও পুলিশ না নেওয়ায় মামলা করা হয়নি।’
লিলি আক্তার বলেন, ‘মামলার পর থেকে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। সম্প্রতি বাচ্চু মিয়া ও খোকন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। এখন মামলা তুলে নেওয়ার জন্য আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ২ সেপ্টেম্বর বাচ্চু মিয়া ও খোকন মিয়ার লোকজন আমার (লিলি আক্তার) বাড়িতে ঢুকে আমাকে পিটিয়ে আহত করেন। মামলা তুলে না নিলে তোতা মিয়ার মতো পরিণতি হবে বলেও হুমকি দেন।’
লিলি আক্তার আরও বলেন, ‘থানার পুলিশ আসামিদের সঙ্গে সখ্য গড়ে নিজেদের দোষ আড়াল করার চেষ্টা চালাচ্ছে। এ কারণে মামলাটি ডিবি পুলিশ বা সিআইডিতে হস্তান্তর করার জন্য ১৭ জুন নারায়ণগঞ্জের পুলিশ সুপারের বরাবরে লিখিত আবেদন করেছি। তবে পুলিশের কয়েকজন কর্মকর্তা এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় তদন্তে তাঁদের নাম বেরিয়ে আসবে, এ জন্য তাঁরা মামলাটি অন্যত্র স্থানান্তর করছেন না।’
এদিকে ব্যবসায়ী তোতা মিয়া হত্যাকাণ্ডের পর সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক গণমাধ্যমকে বলেছিলেন, তোতা মিয়া থানার ঘাটলায় বসে গান গাইতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও জলিল আহম্মেদের প্রস্তুত করা ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তোতা মিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানান, ব্যবসায়ী তোতা মিয়ার স্ত্রী মামলাটি হস্তান্তরের জন্য আবেদন জানিয়েছেন। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখার জন্য সহকারী পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে।