বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় পুলিশের সহযোগিতায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি বলেন, ‘পুলিশের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি ও পাচ্ছি, এতে আমরা সন্তুষ্ট।’
গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ সেন্টারে এক অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বার্নিকাট এসব কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এটি খুবই জটিল মামলা এবং জটিল ইস্যুও। আমরা খুবই সন্তুষ্ট যে সামগ্রিকভাবে সহযোগিতার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারব।’ এই হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রকৃত দোষী ব্যক্তিরা ধরা পড়বে বলে মনে করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মূল আসামিদের ধরা পড়ার বিষয়ে আমি পুরোপুরি আশাবাদী। পুলিশ ভালো কাজ করেছে এবং আমি বিশ্বাস করি, পুলিশের প্রচেষ্টাই জয়ী হবে এবং মূল আসামিরা শাস্তির আওতায় আসবে।’
জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়ে বার্নিকাট বলেন, ‘আমরা খুবই আশাবাদী। সম্প্রতি সাসটেইনেবল কমপেক্ট পর্যালোচনা সভা হয়েছে এবং গত সেপ্টেম্বরে টিকফা নিয়েও আলোচনা হয়েছে, সেখানে অগ্রগতি রয়েছে। বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৬-এর ঘোষণা বিশেষভাবে উৎসাহব্যঞ্জক।’ তিনি বলেন, ‘আমি এখানে সবচেয়ে ভালো পোশাক কারখানাগুলোতে গিয়েছি এবং তাদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে খুবই সন্তুষ্ট। যেসব কারখানা এখনো নিরাপত্তা নিশ্চিত করতে এবং সে সংক্রান্ত পুনর্গঠন করতে পারেনি, আমি এখন তাদের নিয়ে কাজ করছি; যাতে তাদের সাহায্যের বিষয়টি নিশ্চিত করতে পারি। আন্তর্জাতিক মান পুরো শিল্পে ছড়িয়ে দিতেই আমাদের এ প্রচেষ্টা।’
বার্নিকাট এর আগে যুক্তরাষ্ট্রের অর্থায়নে এবং এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টারের (এপিডিসি) সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য সংগৃহীত ‘সার্চ অ্যান্ড রেসকিউ ইকুইপমেন্ট’-এর আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎ রায়কে। গুরুতর আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ।