পুলিশের সহযোগিতায় মাদক বেচাকেনার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকায় পুলিশের সহযোগিতায় প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, দিনে-রাতে মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে ফেনসিডিল, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি ও সেবন করলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় লোকজন জানান, রেলস্টেশন এলাকার আশপাশে অন্তত ১০টি বস্তি রয়েছে। এসব বস্তিতে কয়েক শ পরিবার বসবাস করে। তাদের অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন সময় পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হলেও তা ছিল লোকদেখানো। তাঁরা আরও জানান, সন্ধ্যার পর থেকে রেলস্টেশন এলাকায় মাদকসেবীদের উৎপাত বেড়ে যায়। স্থানীয় তরুণ আনোয়ার হোসেন বলেন, ‘পুলিশ মাঝেমধ্যে মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালায়। তবে সেটা আইওয়াশ মাত্র। কারণ, কিছু প্রভাবশালী ব্যক্তি ও পুলিশ সদস্যের পরোক্ষ সহযোগিতায় এখানে মাদক ব্যবসা চলছে।’ রেলস্টেশন এলাকার ব্যবসায়ী ইকবাল মিয়া বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি কমে যাওয়ায় পুনরায় মাদক ব্যবসায়ী ও সেবীদের উৎপাত বেড়ে গেছে। নিয়মিত অভিযান চালালে এখানে থেকে পুরোপুরি মাদক নির্মূল করা সম্ভব হবে।’ সিলেট মহানগর পুলিশের কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া পুলিশের সহযোগিতায় মাদক বেচাকেনার অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি দক্ষিণ সুরমায় নতুন ওসি নিযুক্ত করা হয়েছে। মাদক নির্মূলে তাঁরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। অন্য যেকোনো সময়ের তুলনায় এখন পরিস্থিতি অনেক ভালো।’ তিনি আরও বলেন, ‘রেলস্টেশন এলাকার ভেতরে যেহেতু রেলওয়ে পুলিশের থানা রয়েছে, তাই সেটা দেখভাল করার দায়িত্বও তাদের। আমরা রেলস্টেশনের বাইরের এলাকাগুলো দেখভাল করে থাকি। এসব এলাকার মাদক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছি।’