আসামিপক্ষের হুমকি-ধমকিতে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন নওগাঁয় সালিসকারীদের দোররার আঘাতে নির্যাতিত সেই গৃহবধূ। অবশেষে পুলিশের সহায়তায় গত রোববার সন্ধ্যায় শ্বশুরবাড়িতে ফিরতে পেরেছেন তিনি।অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ২০ ফেব্রুয়ারি জেলার রানীনগর উপজেলার শ্বশুরবাড়ির গ্রামের মাতব্বরেরা সালিস বসিয়ে ওই গৃহবধূ ও তাঁর স্বামীর এক বন্ধুকে ১০১টি করে দোররা মারেন। এ ছাড়া ওই যুবককে সাড়ে চার হাজার টাকা ও গৃহবধূকে ৫০০ টাকা জরিমানা করেন। এই পাঁচ হাজার টাকা দিয়ে ভূরিভোজ করেন সালিসকারীরা। এ নিয়ে ২২ ফেব্রুয়ারি প্রথম আলোর শেষের পাতায় ‘গৃহবধূ ও তাঁর স্বামীর বন্ধুকে ১০১ দোররা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।ওই গৃহবধূর ভাই জেহের আলী গতকাল প্রথম আলোকে বলেন, প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর ওই দিন দুপুরে রানীনগর থানার পুলিশ তাঁর বোনকে থানায় ডেকে নিয়ে সালিসকারীদের বিরুদ্ধে মামলা করান। মামলায় ১২ জনের নামসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়। এর মধ্যে পুলিশ আসামি আফজাল হোসেন ও নূর আলমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পলাতক অন্য আসামিরা হলেন: গ্রাম মাতব্বর আজিজুল হক, মোফাজ্জল হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইছহাক আলী, ফজল মিয়া, শুকুর আলী, আশরাফ আলী, আবদুল কাদের, আজাদ হোসেন, শফিকুল ইসলাম ও ছুটু ওরফে বিকাশ।জেহের আলী বলেন, ওই মামলার পর থেকে আসামিপক্ষের লোকজন তাঁর বোনকে নানাভাবে হুমকি দেওয়া শুরু করেন এবং মামলা তুলে নিতে চাপ দেন। এ অবস্থায় ২৩ ফেব্রুয়ারি তাঁদের বাড়িতে চলে আসতে বাধ্য হন তাঁর বোন। কিন্তু বাড়িতে আসার পরও আসামিপক্ষের লোকজন তাঁর বোনকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন। এ কারণে গত রোববার দুপুরে তাঁর বোন রানীনগর থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে বাধ্য হন।জিডির বিষয়টি নিশ্চিত করে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান প্রথম আলোকে বলেন, রোববার সন্ধ্যায় থানার একদল পুলিশ নির্যাতিত ওই গৃহবধূকে তাঁর স্বামীর ঘরে পৌঁছে দিয়েছে। গৃহবধূর ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। হুমকির ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।