পুলিশের সহিংস আচরণে তিন সংগঠনের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষবরণের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে গতকাল রোববার আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংগঠন তিনটি আজ সোমবার আলাদাভাবে বিবৃতি পাঠিয়ে এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের শাস্তি দাবি করেছে।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘একটি শান্তিপূর্ণ প্রতিবাদ ও ন্যায্য দাবি আদায়ে আয়োজিত সমাবেশে পুলিশের একাংশের পৈশাচিক তাণ্ডব এবং জেন্ডার অসংবেদনশীল আচরণ থেকে এটি সুস্পষ্ট যে রাজনৈতিক শিখন্ডি হিসেবে ধারাবাহিকভাবে ব্যবহৃত হওয়ার ফলে বাংলাদেশের পুলিশ এখন নিজেদের সকল আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছে, যা আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য অশনিসংকেত হিসেবে প্রতিভাত হচ্ছে।’
ইফতেখারুজ্জামান বলেন, বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্পিত দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নারী নিপীড়নকারীদের প্রতিরোধ না করে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। অন্যদিকে এই ঘটনায় দোষীদের বিচারের দাবিতে গণতান্ত্রিকভাবে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের নির্মমভাবে দমনে অমানবিক ভূমিকা পালন করে এই বাহিনী তার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। পুলিশের এ জাতীয় আচরণ শাস্তিযোগ্য অপরাধ, সেখানে সরকারি কাজে বাধা দেওয়ার ঠুনকো অজুহাত দেখিয়ে আইনের রক্ষকের আইনের ভক্ষক হয়ে ওঠা পুলিশ বাহিনীর গৌরবময় ঐতিহ্যের জন্য ভয়ানক কলঙ্কজনক। এ ছাড়া নির্লজ্জ আক্রমণকারী পুলিশ সদস্যদের পক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাফাইয়ের বিষয়টি আরও গভীরভাবে উদ্বেগজনক। সনাতন পদ্ধতিতে তথাকথিত ‘ক্লোজড’ করা বা সাময়িক বরখাস্তের মতো লোক-দেখানো পদক্ষেপ যথেষ্ট নয় বলে উল্লেখ করেন ইফতেখারুজ্জামান।
বিএনডব্লিউএলএর নির্বাহী পরিচালক সালমা আলীর সই করা বিবৃতিতে বলা হয়েছে, পয়লা বৈশাখের ঘটনার পর ২৭ দিন পার হলেও পুলিশ কোনো নিপীড়ককে আটক করতে পারেনি। তাদের এ ব্যর্থতাকে আড়াল করতে ছাত্র-ছাত্রীদের ন্যায় সংগত দাবিকে গুরুত্ব না দিয়ে তাদের ওপর হামলা করেছে। হামলার সময় কোনো নারী পুলিশের উপস্থিতিও চোখে পড়েনি।
আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা এক বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হলে এবং দেশে আইন ব্যবস্থার ওপর শ্রদ্ধাবোধ থাকলে পুলিশের পক্ষে এমন উন্মুক্তভাবে সহিংস আচরণ করা সম্ভব হতো না। রাষ্ট্রীয় বাহিনীর এমন অধিকার লঙ্ঘনকারী আচরণের দায় সরকার কোনো ভাবেই এড়াতে পারে না। বিবৃতিতে সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষী ব্যক্তিদের বিচারের দাবি জানানো হয়েছে।