পুলিশের সাক্ষী তলবে ক্ষমতার অপব্যবহার রোধে কেন পদক্ষেপ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার অপব্যবহার রোধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ওই ধারায় পুলিশ কর্মকর্তার সাক্ষী তলবের ক্ষমতা বিষয়ে বলা আছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত সোমবার এ রুল দেন।

নথিপত্রে দেখা যায়, ৬ নভেম্বর গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান চৌধুরী ১৬০ ধারায় আশীষ কুমার শর্মা (দ্বিতীয় পক্ষ) নামের এক ব্যবসায়ীকে নোটিশ দেন। নোটিশে বলা হয়, প্রথম পক্ষ (মো. ওলি উল্লাহ) লিখিত অভিযোগে জানিয়েছেন যে তিনি দ্বিতীয় পক্ষের কাছে গার্মেন্ট এক্সেসরিজ সরবরাহ বাবদ মোট ৩১ লাখ ৯০ হাজার টাকার ওপর পাওনা আছেন। অভিযোগের বিষয়ে সত্যতা যাচাই করার জন্য সাক্ষ্য-প্রমাণ ও কাগজপত্রসহ নোটিশে প্রাপককে ১৯ নভেম্বর জেলা ডিবির কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়।

এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ১৭ নভেম্বর রিট আবেদন করেন আশীষ কুমার শর্মা।

হাইকোর্ট ওই নোটিশ প্রদানকারী উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান চৌধুরীকে আগামী ৪ ডিসেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।