পুলিশের সাবেক কনস্টেবলকে হত্যা করে ডাকাত আখ্যা?
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে তাঁর বাড়ির ভাড়াটে পুলিশের সাবেক কনস্টেবলকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত কনস্টেবলের ছেলের অভিযোগ, ওই কাউন্সিলরের সঙ্গে মায়ের অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় তাঁর বাবাকে হত্যা করা হয়। পরে কাউন্সিলর সাংবাদিকদের কাছে প্রচার করেন, তাঁর বাড়িতে ডাকাতির পর গ্রামবাসীর গণপিটুনিতে ওই কনস্টেবলের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নিহতের ছেলে, স্বজন ও গ্রামের লোকজন।
এ সময় নিহত কনস্টেবলের ছেলে আসিফ হোসেন বলেন, শারীরিক অসুস্থতার কারণে তাঁর বাবা হারুন ওরফে শহিদ পুলিশ কনস্টেবলের চাকরি ছেড়ে দেন। তাঁর বাবা, মা ও ছোট ভাই কাউন্সিলর মোশারফ হোসেনের বাড়ির একটি ঘর ভাড়া নেন। বাবা দিনমজুরের কাজ করতেন। মা একটি পোশাক কারখানায় চাকরি নেন। গত ১৬ জানুয়ারি রাত একটার দিকে তাঁর বাবা হারুন কাজ শেষে বাড়ি ফিরে কাউন্সিলর মোশারফকে তাঁর (আসিফ) মায়ের সঙ্গে অনৈতিক অবস্থায় দেখতে পান। মোশারফকে মারধর করেন হারুন এবং মাকে (আসিফের) বকাঝকা দেন। এতে ক্ষুব্ধ হয়ে মোশারফ ও মা তাঁর বাবাকে হত্যার সিদ্ধান্ত নেন। তখন মোশারফের ভাতিজা শরীফ শাবল দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করেন এবং মা বঁটি দিয়ে বাবার মাথায় কোপ দেন। কিছুক্ষণ পরই তাঁর বাবার মৃত্যু হয়।
নিহতের ছেলে আরও বলেন, ‘ওই সময় মোশারফ মোবাইল ফোনে তাঁর বাড়িতে ডাকাত প্রবেশ করেছে বলে স্থানীয় মসজিদের ইমামদের জানালে তাঁরা টিপরদী গ্রামে ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে ডাকাত হানা দিয়েছে বলে মসজিদের মাইকে প্রচার করেন। স্থানীয় লোকজন মোশারফের বাড়িতে এসে আমার বাবার লাশ দেখতে পান। বেশ কিছুদিন পর আমি এ ঘটনা স্থানীয়দের মুখে জানতে পেরে সোনারগাঁ থানায় যোগাযোগ করি। থানার একজন উপপরিদর্শক আমাকে জানান, আমার বাবার কোনো পরিচয় না পাওয়ায় তাঁরা লাশটি আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেন। তিনি আমাকে প্রশাসনের ওপর মহলের দ্বারস্থ হতে বলেন। এরপর আমি নারায়ণগঞ্জের পুলিশ সুপার বরাবর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এবং আমি নিরাপত্তার জন্য একটি সাধারণ ডায়েরি করি। এই খবর জানতে পেরে মোশারফ, তাঁর সহযোগীরা ও মা আমাকে স্থানীয় নোয়াইল খালপাড়ের সোবহানের বাড়ি থেকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করতে চেয়েছিল। কিন্তু স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আমি সেই যাত্রায় রক্ষা পাই এবং অন্যত্র পালিয়ে যাই। এখন আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’
কাউন্সিলর মোশারফ বলেন, ‘নিহত হারুন আমার বাড়িতে ভাড়া থাকতেন, এ কথা সত্য। কিন্তু তিনি ডাকাত দলের সঙ্গে যুক্ত ছিলেন। আমার বাড়িতে ডাকাতির পর গণপিটুনিতেই তাঁর মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ড ও অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগ সত্য নয়।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, হারুনের ছেলের অভিযোগের তদন্ত চলছে।