অস্ত্র মামলার আসামিদের সুবিধা পাইয়ে দিতে আলামত গায়েব করার অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা দায়েরের প্রায় এক যুগ পরে গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলার আসামিরা হলেন চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন ও বি এম কামাল পাশা।
মামলার তদন্ত কর্মকর্তা রইস উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘তদন্তে মামলার আলামত (একটি এলজি) গোপনের বিষয়ে এই দুজনের সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত হয়েছি। কিন্তু অস্ত্রটি কোথায় ও কীভাবে গায়েব করা হয়েছে, সে বিষয়ে আসামিরা কিছু স্বীকার করেননি।’
দুদক সূত্র জানায়, ১৯৯৬ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম নগরের ঝাউতলা এলাকার একটি বাড়িতে ডাকাতির মালামালের খোঁজে অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশের একটি দল। তখন ওই বাড়ি থেকে মো. নবী হোসেন ও মো. আবুল কাশেম নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ওই বাড়ি থেকে একটি এলজি উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই বি এম কামাল পাশা জব্দ তালিকা তৈরি করেন। সেদিনই তিনি গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং থানায় অস্ত্র আইনে মামলা করেন।
দুদকের অভিযোগপত্রে বলা হয়, মামলার পর বি এম কামাল পাশা জব্দ করা আলামত নগর গোয়েন্দা শাখার মালখানায় জমা দেন। তখন মালখানার দায়িত্বে ছিলেন এসআই মো. দেলোয়ার হোসেন। পরে অস্ত্র মামলাটির তদন্তের দায়িত্ব পান তিনি। তদন্ত শুরুর কিছুদিন পর তিনি আট সপ্তাহের প্রশিক্ষণের জন্য সারদা চলে যান। সে সময় মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের আরেক কর্মকর্তাকে। তিনি বদলি হয়ে গেলে মামলার তদন্তের ভার পড়ে মামলার বাদী বি এম কামাল পাশার ওপর। ’৯৭ সালের ৩০ এপ্রিল তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করেন কামাল পাশা। কিন্তু তিনি মামলার আলামত আদালতে উপস্থাপন করেননি।
দুদক সূত্র জানায়, অস্ত্র মামলাটির বিচারকাজ চলার সময় আদালত বারবার আলামত উপস্থাপনের নির্দেশ দেন। কিন্তু আলামত আদালতের মালখানায় পাওয়া যায়নি। ১৯৯৭ সালের গোয়েন্দা শাখার মালখানার রেজিস্টারে উল্লেখ আছে, অস্ত্রটি কনস্টেবল আবদুর রশিদের মাধ্যমে আদালতের মালখানায় পাঠানো হয়েছে। সেখানে এসআই দেলোয়ার হোসেনের তারিখবিহীন স্বাক্ষর ছিল। কিন্তু তিনি অস্ত্রটি মালখানায় পাঠিয়েছিলেন কি না, সে বিষয়ে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
২০০২ সালে ওই অস্ত্র মামলার রায়ে আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। আদালত রায়ে উল্লেখ করেন, ‘জব্দকৃত অস্ত্রটি পুলিশ আলামত হিসেবে যথাসময়ে আদালতে দাখিল না করায় এবং বেআইনিভাবে পুলিশের কোনো লোক ওই অস্ত্রটি দাপ্তরিক হেফাজত হইতে বেআইনিভাবে নিজ হেফাজতে সরাইয়া নেওয়ায় ও ফলশ্রুতিতে বেআইনি অস্ত্রের দখলদার হওয়ায় এই বিষয়ে পুলিশের সংশ্লিষ্ট ব্যক্তিগণের ওপর দায় আরোপক্রমে ব্যবস্থা নেওয়া অপরিহার্য।’ রায়ের ওই কপি স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।
দুদকের চট্টগ্রাম বিভাগের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশে ঘটনাটি অনুসন্ধান করে পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে ২০০৪ সালে মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। ওই সময় চট্টগ্রাম মহানগর পুলিশ কর্তৃপক্ষও আদালতের নির্দেশে বিভাগীয় তদন্ত করে। তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় দেলোয়ার হোসেনকে চাকরিচ্যুত করা হয়। আর কামাল পাশা বর্তমানে অবসরে আছেন।
মামলার তদন্ত শেষ হতে এক যুগ সময় লেগে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে আবদুল আজিজ ভুঁইয়া বলেন, ২০০৪ সালের মে মাসে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি করে। ওই বছরই দুর্নীতি দমন ব্যুরো অবলুপ্ত করে দুদক গঠন করা হয়। এ কারণে অনেক দিন ধরে মামলাটি আড়ালে ছিল।