পুলিশের সাবেক সদস্যকে হত্যার অভিযোগ
রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় গতকাল বুধবার শাহ আলম (৭০) নামের পুলিশের সাবেক এক সদস্যকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মোহাম্মদপুর থানার পুলিশ বলেছে, শাহ আলম সপরিবারে ১২৯ জাফরাবাদে থাকতেন। গতকাল দুপুরে জাফরাবাদের আজিজ খান রোড থেকে তাঁকে অচেতন অবস্থায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে তিনি মারা যান। রাতে পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
ঘটনা তদন্তকারী মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজানুর ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আজিজ খান রোডে একটি সেলুনের মালিকের সঙ্গে শাহ আলমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেলুনের মালিক তাঁর মাথায় আঘাত করে পালিয়ে যান। আবার কেউ বলছেন, বৃদ্ধ শাহ আলম স্ট্রোক করে মারা গেছেন।
সুজানুর বলেন, শাহ আলমের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে। শাহ আলমের দুই স্ত্রী ও এক ছেলে রয়েছে।