পুলিশের সামনে আসামিকে কোপাল বাদীপক্ষ, ত্রিমুখী সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় পুলিশের সামনে হত্যা মামলার আসামিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে বাদীপক্ষ। এ সময় পুলিশ ও বাদীপক্ষের সঙ্গে আসামিপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ ছয়জন আহত হয়েছে। এ সময় হত্যা মামলার ওই আসামি হাতকড়া পরা অবস্থায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।

আজ শুক্রবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের জোতগাজী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পলাশ নামের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, এক বছর আগে কালিকাপুর গ্রামের ব্যবসায়ী মজিবর রহমানকে খুন হন। ওই হত্যা মামলার আসামি জোতগাজী গ্রামের আকাত মালিথা ঘটনার পর থেকে পলাতক ছিলেন। আকাত আজ তাঁর বাড়িতে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে সাদাপোশাকে পুলিশ ও মামলার বাদীপক্ষ তিনটি মোটরসাইকেলে করে আকাতের বাড়িতে গিয়ে যায়।
ওই গ্রামের বাসিন্দা রাসেল অভিযোগ করেন, এ সময় পুলিশের সামনেই মামলার বাদীপক্ষের লোকেরা আকাতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আহত আকাত মাটিতে লুটিয়ে পড়লে আসামিপক্ষের লোকজন মিলিত হয়ে পুলিশ ও বাদীপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় তারা হাতকড়া পরানো অবস্থায় আকাতকে ছিনিয়ে নিয়ে যায়, পুলিশদের মারধর করে অবরুদ্ধ করে রাখে।
এতে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) সাহাজ উদ্দিন, কনস্টেবল মিজান, মামলার বাদী আনসারুল, জুয়েল, সজীব, আসামি আকাত ও আসামিপক্ষের পলাশসহ ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে জুয়েল ও সজীবকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি ফাঁকা গুলি ছোড়ে এবং লাঠিপেটা করে।
ঘটনার সময় উপস্থিত থাকা ঈশ্বরদী থানার এসআই সাহাজ উদ্দিন বলেন, পুলিশের উপস্থিতিতেই আসামি ও বাদীপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যাওয়ায় আসামি পালিয়ে গেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনি আহত হন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ এ বিষয়ে বলেন, একটি হত্যা মামলার বাদী ও আসামিপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও গ্রেপ্তারকৃত আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। পুলিশের ওপর হামলার অভিযোগে পলাশ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।