পুলিশের সামনে একটি বাড়িতে ছাত্রলীগের হামলার অভিযোগ
‘পুলিশকে সঙ্গে নিয়ে এসে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ঘর ভেঙে দিয়ে লুটপাট করেছে। এ সময় দুই শিশুসন্তানসহ আমাদের রক্ষার জন্য আকুতি জানালেও পুলিশ নীরব থাকে।’
গতকাল মঙ্গলবার বান্দরবান জেলা শহরের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকার অসহায় আরিফা আক্তার কান্নাজড়িত কণ্ঠে এ কথাগুলো বলছিলেন। গত সোমবার রাতে ছাত্রলীগের ২৫-৩০ জন নেতা-কর্মী পুলিশকে সঙ্গে নিয়ে তার টিনের বেড়া ও ছাউনি দেওয়া ছোট্ট ঘরটি ভেঙে দিয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মোহামঞ্চদ রুবেল নামে ছাত্রলীগের একজন কর্মীকে গ্রেপ্তার করেছে।
আরিফা আক্তারের ঘরে গিয়ে দেখা যায়, ঘরের ঢেউটিনের বেড়াগুলো কেটে খুলে ফেলা হয়েছে। ঢেউটিন কেটে ঘরের ভেতরে গাছের গুঁড়ি ছুড়ে মারা হয়েছে। ড্রেসিং টেবিলের আয়না ভেঙে তার চার বছরের মেয়ের পা কেটে গেছে।
আরিফা জানান, হামলাকারীরা ঘরের ভেতরে ঢুকে ড্রয়ার খুলে পাঁচ হাজার ১০০ টাকা ও প্রায় এক ভরি ওজনের সোনার একটি চেইন নিয়ে যায়।
ছাত্রলীগের বান্দরবান কলেজ শাখার আহ্বায়ক আহসানুল আলম ছাত্রলীগের হামলার কথা অস্বীকার করে বলেন, স্টেডিয়াম এলাকার লোকজন হামলা করছে শুনে তাঁরা কয়েকজন সেখানে গিয়েছিলেন। তাঁরা না গেলে আরও বড় ধরনের ঘটনা ঘটত।’ মোহামঞ্চদ রুবেল ছাত্রলীগের কর্মী নয় বলে তিনি জানিয়েছেন।
বান্দরবান সদর থানার এএসআই নাসির জানান, অভিযোগ পাওয়ার পর রোয়াংছড়ি বাসস্টেশন এলাকায় গিয়েছিলেন। সেখানে কয়েকজন একটি বাড়িতে হামলা করতে চেয়েছিল। তিনি তাদের বাধা দিয়েছেন। গতকাল মঙ্গলবার উভয় পক্ষ বিষয়টি মীমাংসা করার কথা বলেছেন। গ্রেপ্তার মোহামঞ্চদ রুবেলকে একটি ইভ টিজিংয়ের মামলায় আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।