পুলিশের সামনে কুপিয়ে যুবককে হত্যা!
রাজশাহীর পবা উপজেলায় পুলিশের উপস্থিতিতে আতাউর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।গতকাল সোমবার উপজেলার কাটাখালী পৌরসভার বাখরাবাজ মোল্লাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আতাউরের চাচাতো ভাই নাজু ও তাঁর স্বজনেরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিন সন্তানের বাবা আতাউর তাঁর চাচাতো ভাই নাজুর কাছে কিছু টাকা পেতেন। ওই টাকা পরিশোধ করা নিয়ে গতকাল সকালে তাঁদের মধ্যে বিবাদ হয়। এরপর আতাউর হাঁসুয়া নিয়ে বাড়ির আশপাশে ঘুরে বেড়াতে থাকেন। এ সময় নাজু পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আতাউর দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় নাজু ও তাঁর স্বজনেরা তাঁকে ধাওয়া করে। পুলিশও পেছনে পেছনে দৌড়াতে থাকে। এদিকে দৌড়ানোর একপর্যায়ে আতাউর মাটিতে পড়ে যান। তাঁকে ধরতে গেলে নাজুকে তিনি হাঁসুয়া দিয়ে কোপ দেন। একপর্যায়ে নাজু ও তাঁর স্বজনেরা আতাউরকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার আকস্মিকতায় পুলিশও হতভম্ব হয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, আতাউর একটা হাঁসুয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। কেউ ধরতে গেলেই তিনি আঘাত করার জন্য তেড়ে আসছিলেন। তাঁর হয়তো মানসিক কোনো সমস্যা ছিল বলে ধারণা করা হচ্ছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আতাউর পালানোর চেষ্টা করেন। এ সময় নাজু ও তাঁর স্বজনেরা তাঁকে ধাওয়া করেন। এবং মুহূর্তের মধ্যেই হত্যাকাণ্ডটি ঘটে যায়। এ ঘটনায় আতাউরের বোন আক্তার বানু বাদী হয়ে সাত-আটজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।