পুলিশের সামনে পাবনা প্রেসক্লাবে ছাত্রলীগের হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বুধবার হামলা ও ভাঙচুর করেছেন ছাত্রলীগের কর্মীরা। সেখানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও হামলাকারীদের বাধা দেওয়া হয়নি বলে সাংবাদিকেরা অভিযোগ করেছেন। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন। প্রেসক্লাবে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনে বাধা দিতে গিয়ে ওই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।জানা গেছে, গত মঙ্গলবার রাতে পাবনার রাধানগর ও শালড়ীয়া এলাকার দুটি ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনায় গতকাল সকালে ছাত্রশিবিরের কর্মীরা পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে আসেন। বেলা ১১টার দিকে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান একদল পুলিশ নিয়ে এসে শিবিরের কর্মীদের প্রেসক্লাব ত্যাগ করতে বলেন। সাড়ে ১১টার দিকে শিবিরের কর্মীরা প্রেসক্লাব ছেড়ে চলে যান। এরপর দুপুর ১২টার দিকে ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে এসে প্রেসক্লাব মিলনায়তনে ভাঙচুর শুরু করেন। তাঁরা জেনারেটর, চেয়ার, টেবিল ও আলমারিসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করেন।ঘটনার তাত্ক্ষণিক প্রতিবাদে সাংবাদিকেরা প্রেসক্লাবের সামনে আবদুল হামিদ সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। তাঁরা পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে সড়কের ওপর বিক্ষোভ করেন। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান প্রেসক্লাবে এসে ঘটনার জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চান। কিন্তু একই সময়ে সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য সাংবাদিকদের হুমকি দিতে থাকে কিছু যুবক। তাঁরা সাংবাদিকদের ব্যবহূত মাইক ছিনিয়ে নেয়। পরে সাংবাদিকেরা প্রেসক্লাবে এসে সমাবেশ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি ও পেশাগত দায়িত্বে নিরাপত্তা দাবি করেন। এ ছাড়া স্থানীয় পত্রিকায় ছয় ইঞ্চি জায়গা খালি রেখে প্রতিবাদের সিদ্ধান্ত হয়।পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উত্পল মির্জা অভিযোগ করেন, পুলিশের যোগসাজশে ছাত্রলীগ নামধারী একদল যুবক প্রেসক্লাবে ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে থাকলেও তাদের বাধা দেয়নি। তবে ওসি মতিয়ার রহমান বলেন, পুলিশ হামলাকারীদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল। কিন্তু তারা এতটাই বেপরোয়া ছিল যে পুলিশের পক্ষে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।