পুলিশের সামনে বাদীপক্ষ আসামিকে কোপাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে একটি মামলার আসামিকে আটকের পর থানায় নেওয়ার সময় বাদীপক্ষের লোকজন তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। এ সময় গুরুতর আহত আসামির অবস্থা আশঙ্কাজনক দেখে থানায় না নিয়ে ওই জায়গায় ফেলে রেখে যায় পুলিশ। পুলিশের বিরুদ্ধে এ রকম অভিযোগের ঘটনাটি ঘটেছে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যচর এলাকায়।কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মামলার আসামি আহত সবুজ (২২) জানান, তিনি ইরির খেতে পানি দেওয়ার সময় শুক্রবার রাতে এসআই ফায়েকুজ্জামান ও এএসআই নাসির উদ্দিন তাঁকে আটক করেন। আটকের পর পুলিশ হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার সময় খাসের হাট পুলিশ ফাঁড়ির সামনে বাদীপক্ষের লোকমান হোসেন চৌধুরী, আবু আলম কবিরাজ, আরিফ চৌধুরীসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের সামনেই তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। অচেতন হয়ে পড়লে পুলিশ তাঁর হাতকড়া খুলে ওই স্থানেই ফেলে রেখে যায়।নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, এ ঘটনায় পোশাকে লেগে থাকা আহত সবুজের শরীরের রক্ত ওই দুই পুলিশ কর্মকর্তা আড়িয়াল খাঁ নদে ধুয়ে দ্রুত চলে যান। খবর পেয়ে সবুজের পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুব আবীর জানান, পর্যবেক্ষণে রাখার পরও সবুজের অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়ে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।অভিযুক্ত এসআই ফায়েকুজ্জামান বলেন, ‘সবুজের বিরুদ্ধে মামলা থাকায় তাঁকে আটকের জন্য গেলে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি। এ ঘটনায় সবুজের পরিবার মামলা দিলে ব্যবস্থা নেব।’