পুলিশের সামনে যুবদল নেতাকে ছাত্রলীগের পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের কর্মীরা জসিম মিয়া নামে যুবদলের এক নেতাকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার পৌর শহরের মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জসিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের বিবরণ অনুযায়ী, গতকাল দুপুর ১২টার দিকে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের সামনে থেকে পৌর যুবদলের সমাজকল্যাণ সম্পাদক জসিমকে কোমরে দড়ি বেঁধে মধ্যবাজার আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নিয়ে যান ছাত্রলীগের কয়েকজন কর্মী। সেখানে ছাত্রলীগের কর্মীরা তাঁকে লাঠি ও হকিস্টিক দিয়ে বেধড়ক পিটুনি দেন। এ সময় ঘটনাস্থলে গফরগাঁও থানার এক উপপরিদর্শকসহ তিনজন পুলিশ সদস্য দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তাঁরা ছাত্রলীগের কর্মীদের নিবৃত্ত করেননি। পরে গুরুতর অবস্থায় জসিমকে পুলিশের কাছে তুলে দেন ছাত্রলীগের কর্মীরা। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের সামনে ওই নেতাকে পেটানো হয়নি দাবি করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।