পুলিশের সামনেই অনুষ্ঠানে হামলা প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার পুলিশি পাহারার মধ্যেই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালিয়ে মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ আবু সাঈদ (২০) নামের এক যুবককে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার নীলগঞ্জ মহাশ্মশানের শ্রীজগন্নাথ দেবের মন্দিরের সামনে মহানামযজ্ঞের অনুষ্ঠান চলার সময় গতকাল বেলা ১১টার দিকে পাঁচজনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালায়। তারা মন্দিরের তিনটি বিগ্রহ (প্রতিমা) ভাঙচুর করে। আতঙ্কে লোকজন চারদিকে ছোটাছুটি করতে থাকে।
এ সময় অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা আবু সাঈদকে ধরে ফেলেন। অন্যরা পালিয়ে যান।
যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস অভিযোগ করে বলেন, কোনো জঙ্গিগোষ্ঠীর সদস্যরা এ হামলা চালাতে পারেন বলে তাঁরা ধারণা করছেন।