পুলিশের সামনেই অস্ত্রবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ. লীগের দুই প্রার্থীর কর্মীদের অস্ত্র হাতে গুলিবর্ষণ। ছবি: প্রথম আলো
আ. লীগের দুই প্রার্থীর কর্মীদের অস্ত্র হাতে গুলিবর্ষণ। ছবি: প্রথম আলো

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরে আজ শনিবার আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগের দুই প্রার্থীর কর্মীরা পুলিশের সামনেই অস্ত্র হাতে গুলিবর্ষণ করেছেন। সংঘর্ষে উভয় গ্রুপের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুলিবিদ্ধ নয়জনের মধ্যে ছাত্রলীগের এক নেতার অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি দল-সমর্থিত দুই প্রার্থী ইকবাল হোসেন ও আবদুল জলিলের গ্রুপের মধ্যে দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। পুলিশের সামনেই প্রকাশ্যে অস্ত্রের মহড়া চললেও পুলিশ নীরব ছিল। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর এবং একটি মাইক্রোবাস ও সাতটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
১৫ মার্চ অনুষ্ঠেয় শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী রয়েছেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন ওরফে সবুজ এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইকবাল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সমর্থিত এবং আবদুল জলিল শ্রীপুরের সাংসদ রহমত আলীর সমর্থিত।
আবদুল জলিলকে গতকাল শুক্রবার জুমার নামাজের পর বরমী এলাকা থেকে র্যাব আটক করেছিল। তবে তাঁর সমর্থকদের আন্দোলনের মুখে সন্ধ্যায় র্যাব তাঁকে ছেড়ে দেয়। আটকের কারণ অবশ্য জানা যায়নি।
গাজীপুর জেলা আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেনের সমর্থকেরা আজ শ্রীপুরে মিছিল করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। একই সময়ে উপজেলা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল জলিলের সমর্থকেরা মিছিল করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় মিছিল লক্ষ্য করে ইকবাল হোসেনের সমর্থকেরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। একপর্যায়ে ইকবাল হোসেনের সমর্থকেরা চলে যান। পরে জলিলের সমর্থকেরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান নেন।
দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রীপুর বাজারে। বন্ধ হয়ে যায় দোকানপাট। ইকবালের সমর্থকেরা পুলিশের সামনেই প্রকাশ্যে গুলিবর্ষণ ও ককটেল ফাটিয়ে শহরে প্রবেশ করেন। গুলি ও ককটেলের মুখে জলিলের সমর্থকেরা শ্রীপুর বাজার থেকে পালিয়ে যান। এরপর ইকবাল তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পথসভা করেন। পথসভা শেষে তাঁর লোকজন চলে যাওয়ার সময় জলিলের কর্মী-সমর্থকেরা তাঁদের পথরোধ করে মারধর করেন এবং একটি মাইক্রোবাস ও বেশ কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় শ্রীপুর পৌরসভা কার্যালয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আহত ব্যক্তিদের মধ্যে শ্রীপুর পৌর শহরের উজিলাবো গ্রামের আবুল হোসেনের ছেলে ও শ্রীপুর পৌর ছাত্রলীগের সদস্য আল আমীনকে (২০) গুরুতর অবস্থায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর মাথায় গুলি লেগেছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক সাহিদা আক্তার জানান, গুলিবিদ্ধ নয়জনসহ ২২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও ২৫ জনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, উপজেলা আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বর্ধিত সভা ছিল। সভায় জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিত থাকার কথা থাকলেও এর আগেই উভয় গ্রুপের নেতা-কর্মী-সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪১টি শটগানের ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষে শ্রীপুর থানার এসআই জিয়াউল ইসলাম ও জুবায়েদুল ইসলামসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন।

ওসি আরও বলেন, অস্ত্র নিয়ে যাঁরা মহড়া দিয়েছেন, তাঁদের ছবি দেখে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। তাঁরা যে দলেরই হোক ছাড় পাবেন না। তবে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, পুলিশের সামনে কাউকে অস্ত্র নিয়ে ঘুরতে দেখা যায়নি।