পুলিশের সিগন্যাল 'লাইন ক্লিয়ার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা সাড়ে ১১টা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের মিরপুর শাহ আলী মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্র। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কাজী টিপু সুলতানের প্রায় ৩৫-৪০ জন যুবক কেন্দ্র দখল করার জন্য অপেক্ষমাণ। কিন্তু কেন্দ্রের ভেতরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনারকলি অবস্থান করছিলেন। তাঁর সঙ্গে থাকা শাহ আলী থানার উপপরিদর্শক মঈজউদ্দিন দখলকারীদের ডেকে বললেন, ‘এখনো লাইন ক্লিয়ার না’।
১১টা ৩৫ মিনিটে অন্য একটি কেন্দ্র দখল হচ্ছে বলে পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে শাহ আলী কেন্দ্র ত্যাগ করে। বাইরে অপেক্ষমাণ টিপু সুলতানের লোকজন ‘লাইন ক্লিয়ার হইছে’ আওয়াজ দিয়ে ১১টা ৪০ মিনিটে হুড়মুড় করে কেন্দ্রে ঢুকে পড়েন। প্রায় ২৫ মিনিট তাঁরা কেন্দ্রের ভেতরে অবস্থান করেন।
কেন্দ্রে ঢুকে তাঁরা ১০২ থেকে ১০৫ নম্বর কক্ষের দখল নেন। ১০৫ নম্বর কক্ষে থাকা দুই ভোটারকে ‘বের হস না কেন’ বলে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। সারিতে দাঁড়ানো ভোটারদের বলা হয়, ‘পাঁচ মিনিট কাজ আছে। আমাদের নিজস্ব লোক ছাড়া কেউ ভেতরে আসবেন না।’ সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের থেকে ব্যালট পেপার নিয়ে টিপু সুলতানের নির্বাচনী প্রতীক ঠেলাগাড়িতে ভোট দিতে থাকেন তাঁরা।
সেখানে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা অন্য একটি পত্রিকার দুই প্রতিবেদক ও এ প্রতিবেদককে চলে যেতে হুমকি দেওয়া হয়। মুঠোফোনে ছবি তোলার চেষ্টা করলে মুঠোফোন ভেঙে ফেলার হুমকি দেন তাঁরা। সেখান থেকে সরে যেতে না চাইলে দুই প্রতিবেদককে ধাক্কা দিয়ে বারান্দা থেকে ফেলে দেওয়া হয়।
একটি বুথের দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, তিনি দখলকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে অস্ত্র দেখানো হয়। পরে তাঁর শরীরে ভোটের সিল মেরে অপদস্থ করা হয়। কথা বলার সময় মমিনুল ইসলামের জামায় সিলের নীল রং লেগে থাকতে দেখা যায়।
কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার সময় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কামাল উদ্দিন নিজের কক্ষে বসে ছিলেন। সাংবাদিক ও উপস্থিত ভোটাররা তাঁকে বিষয়টি অবহিত করলে তিনি ‘দেখতেছি’ বলে চুপ করে বসে থাকেন।
পুরো ঘটনাটি ঘটে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই। ‘পুলিশ দখলকারীদের বাধা দিল না কেন’ এ প্রশ্নের জবাবে কেন্দ্রের দায়িত্বে থাকা উপপরিদর্শক বলেন, ‘আমরা তো নিরুপায়।’
ওই যুবকের দল বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনারকলি ফের এই কেন্দ্রে আসেন। তিনি কিছুক্ষণ পরিদর্শন করে চলে যান। দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ভ্রাম্যমাণ দায়িত্বে, আমার অগোচরে যেসব ঘটনা ঘটবে, সেগুলো আমার এখতিয়ারে নাই।’