পুলিশের সেই দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে
নিরীহ লোকজন আটক করে নাশকতার মামলার আসামি করার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকার সাভার ও ধামরাই থানার পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। এদিকে অভিযোগ মিথ্যা মর্মে লিখিত দিতে ভুক্তভোগী দুটি পরিবারের সদস্যদের ওই দুই কর্মকর্তা চাপ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার প্রথম আলোতে ‘পুলিশের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা ও ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম সরদারের বিরুদ্ধে তদন্ত শুরু করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ধামরাই উপজেলার চান্দখালী গ্রামের রইজ উদ্দিনের ছেলে বিল্টু অভিযোগ করেন, এসআই শহীদুল ইসলাম ১ ডিসেম্বর তাঁর ভাই মোখলেছুর রহমানসহ তিনজনকে থানায় ধরে এনে নাশকতার মামলার আসামি করার হুমকি দিয়ে টাকা দাবি করেন।
পরে এক লাখ ৩৪ হাজার টাকা নিয়ে তিনি তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেন।
এ বিষয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর ওই কর্মকর্তা প্রতিবেদনটি সত্য নয় মর্মে লিখিত নেওয়ার জন্য তাঁকে নানাভাবে চাপ দিচ্ছেন। শহীদুল ইসলাম বলেন, মোখলেছুরের পরিবারের সদস্যদের ভয় দেখানো হয়নি।
সাভার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নকলনবিশ আমিনুল ইসলাম জানান, প্রতিবেদন প্রকাশের পর দীপক চন্দ্র সাহা তাঁকে থানায় ডেকে নিয়ে সাদা কাগজে সই নিয়েছেন। তাতে কী লেখা হয়েছে, তা তিনি জানেন না। নাশকতার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মঙ্গলবার তাঁকে আটক করা হয়েছিল।
দীপক চন্দ্র দাবি করেন, চাপ প্রয়োগ করে নয়, আমিনুল স্বপ্রণোদিত হয়ে লিখিত দিয়েছেন।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা এবং আশুলিয়া ও ধামরাই সার্কেলের এএসপি রাসেল শেখ বলেন, প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।