তিন রিকশাচালকের কাছ থেকে টাকা কেড়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া শেরেবাংলা নগর থানা পুলিশের পাঁচ সদস্যকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের তেজগাঁও বিভাগ দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। গত বুধবার শেরেবাংলা নগর থানার সাদা পোশাকের (সিভিল টিম) পুলিশের পাঁচ সদস্য ধানমন্ডি ১৫ নম্বর সড়ক থেকে তিন রিকশাচালককে আটক করে ১২ ঘণ্টা গাড়িতে আটকে রেখে পিটিয়ে স্বজনদের মাধ্যমে তাঁদের কাছ থেকে ২৩ হাজার টাকা আদায় করেন। এ ঘটনায় এসআই (উপপরিদর্শক) আক্তারুজ্জামানসহ পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আহমেদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া এসআই আক্তারুজ্জামান, এএসআই জাহিদুর রহমান, তিন কনস্টেবল—একরাম হোসেন, জহিরুল ইসলাম ও মো. আবদুল্লাহকে গতকাল মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তা বলেন, গ্রেপ্তার পুলিশ সদস্যদের কাছ থেকে দুই হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়েছে, যা তাঁরা রিকশাচালকদের কাছ থেকে নিয়েছিলেন। নির্যাতিত তিন রিকশাচালক গত বুধবার রাতে বাসায় ফিরে গেছেন।
গতকাল পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়াহিদুল ইসলামকে প্রধান করে গঠন হওয়া দুই সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটিকে দ্রুত পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, ঘটনার কারণ উদ্ঘাটিত হওয়ায় গ্রেপ্তার পুলিশের পাঁচ সদস্যকে আদালতে রিমান্ডের আবেদন করা হয়নি। গ্রেপ্তারের পর তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিপ্লব কুমার সরকার বলেন, বরখাস্ত হওয়া পুলিশের পাঁচ সদস্য তাঁর অনুমতি না নিয়েই অভিযানের নামে অন্য এলাকায় গিয়ে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।