পুলিশের সেই সোর্স এখনো ধরা পড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের গুদারাঘাটে চা-দোকানি বাবুল মাতবরকে কেরোসিনের জ্বলন্ত চুলার ওপর ফেলে হত্যা মামলার মূল আসামি পুলিশের তথ্যদাতা (সোর্স) দেলোয়ার এখনো ধরাছোঁয়ার বাইরে। বাবুলের মৃত্যুর পর কেটে গেছে ৪০ দিনের বেশি সময়। কিন্তু পুলিশ বলছে, দেলোয়ারের ঠিকানা সম্পর্কে তারা এখনো নিশ্চিত হতে পারছে না।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শাহ আলী থানার পুলিশ এজাহারের খসড়া করার সময় পুলিশ সদস্যদের নাম বাদ দিয়েছে। ঘটনার সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি নিহত ব্যক্তির পরিবারের দায়ের করা এজাহারে। আবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানও বলেছিলেন, পুলিশের বিরুদ্ধে মামলা না হলে তিনি উচ্চ আদালতে যাবেন।
বাবুলের বড় মেয়ে রোকসানার করা মামলার তদন্ত করছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এজাহার দায়েরের সময় শাহ আলী থানার পুলিশ ইচ্ছাকৃতভাবে পুলিশ সদস্যদের নাম এজাহারে উল্লেখ করেনি বলে অভিযোগ করেন বাবুলের পরিবারের সদস্যরা। পুলিশ মামলার এজাহারভুক্ত সাত আসামির মধ্যে পারুল ও রবিনকে গ্রেপ্তার করেছে। দেলোয়ারসহ বাকি পাঁচ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডলসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, বরখাস্ত হওয়া পুলিশ সদস্যের মধ্যে একজন উপপরিদর্শককে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেননা, ঘটনার সময় তিনি দায়িত্বে নিয়োজিত ছিলেন না। এ ছাড়া প্রাথমিক তদন্তে বাকি চার সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যাওয়ায় তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
বাবুলের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে শাহ আলী থানার চার পুলিশ সদস্যের উপস্থিতিতে তাঁদের সোর্স দেলোয়ার চাঁদা দাবি করেন বাবুলের কাছে। চাঁদা দিতে রাজি না হওয়ায় বাবুলকে লাথি মেরে কেরোসিন তেলের জ্বলন্ত চুলার ওপর ফেলে দেন দেলোয়ার। এতে বাবুলের সারা শরীরে আগুন ধরে যায়। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাত ১১টার দিকে বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরদিন ৪ ফেব্রুয়ারি বেলা সোয়া একটার দিকে তিনি মারা যান।
ডিবির তদন্ত কর্মকর্তা মীর রেজাউল ইসলাম (ডিবি পশ্চিম) প্রথম আলোকে বলেন, ‘দেলোয়ারের ঠিকানা সম্পর্কে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। মামলার এজাহারে যে ঠিকানা দেওয়া হয়েছিল, সেই ঠিকানায় কাউকে পাওয়া যায়নি। তাঁর আরও একটি ঠিকানা সংগ্রহ করা হয়েছে, সেটি সঠিক কি না, তা যাচাই করা হচ্ছে।’
বাকি চার আসামিকে গ্রেপ্তার করতে না পারার বিষয়ে তিনি বলেন, তদন্ত করতে গিয়ে মনে হয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন অনেকের নামই এজাহারে এসেছে। তাই গ্রেপ্তারের বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
মামলাটি শাহ আলী থানায় থাকাকালীন এর তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মুক্তারোজ্জামান প্রথম আলোকে বলেন, মামলার পাঁচ দিনের মাথায় তিনি এর নথি পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করেন। এই সময়ের মধ্যে তিনি দেলোয়ারের ঠিকানা সম্পর্কে নিশ্চিত হতে পারেননি।
থানার আওতাধীন সোর্সের নাম-ঠিকানা সংগ্রহে রাখা হয় কি না, এমন প্রশ্নের জবাবে মুক্তারোজ্জামান বলেন, ‘আমাদের সোর্স তো নিয়মিত না। ইনফরমেশন দিয়ে তারা নিজেদের আড়ালে রাখে। তাই তাদের ঠিকানা রাখা হয় না।’