পুলিশের সোর্স খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুর থানার ফরিদাবাদ এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আল আমিন (২৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি পুলিশের সোর্স বলে জানা গেছে।পুলিশসহ একাধিক সূত্র জানায়, রাত আটটার দিকে আল আমিন বাইসাইকেলে পুরান ঢাকার ফরাশগঞ্জের বাসায় ফিরছিলেন। ফরিদাবাদ কটন মিল গলিতে তিন-চারজন দুর্বৃত্ত তাঁর গতি রোধ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে মুঠোফোন ও বাইসাইকেল নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের স্বজনেরা হাসপাতালে যান। হাসপাতালে আল আমিনের বাবা আবদুল জলিল সাংবাদিকদের বলেন, তাঁর ছেলে পুলিশের সোর্সের কাজ করতেন। সম্প্রতি তিনি অনেক সন্ত্রাসীকে পুলিশে ধরিয়ে দেন। মনে হচ্ছে, এর জের ধরে সন্ত্রাসীরা তাঁকে খুন করেছে।শ্যামপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম হত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।