অনুমোদন না নিয়ে বাড়ি নির্মাণ করায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) নগরের এক বাসামালিকের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। ওই বাসার মালিকের নাম রুবিনা কামাল।রুবিনার স্বামী কামাল হোসেন পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। তিনি চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত আছেন। অনুমোদনহীন একতলা বাসাটি নগরের রাজপাড়া থানার নবাবগঞ্জ ঘোষপাড়া এলাকায় অবস্থিত। আরডিএর নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক শাহাদত হোসেন বাদী হয়ে ২৪ জুলাই রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেছেন। মামলায় আরডিএর ভারপ্রাপ্ত ইমারত পরিদর্শক সৈয়দ মাকসুদুর আহসান, ইমারত পরিদর্শক আবুল বাশার ও স্থানীয় বাসিন্দা মোজারুল ইসলামকে সাক্ষী করা হয়েছে। মামলার আরজিতে বলা হয়েছে, আবুল বাশার বাসাটি পরিদর্শন করে দখলীয় সম্পত্তির ওপর বাসা নির্মাণে ত্রুটি-বিচ্যুতি পান। তাঁরা এই মর্মে কর্তৃপক্ষের কাছে বাসার মানচিত্র দাখিল করেন। গত ১২ ফেব্রুয়ারি বাসার মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি যে জবাব দেন, তা সন্তোষজনক হয়নি। ৮ মে নির্মিত ভবনটি অপসারণ করে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়। কিন্তু এ ব্যাপারে বাসার মালিক কোনো পদক্ষেপ নেননি। এ জন্য তিনি ইমারত আইন ১৯৫২ সালের ৩ ধারা লঙ্ঘন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এর আগে মামলার তৃতীয় সাক্ষী মোজারুল ইসলাম বাসার মালিক রুবিনা ও কামালের বিরুদ্ধে রাস্তার জায়গা দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেন। তিনি জানান, কামাল হোসেন পুলিশ প্রশাসনের ক্ষমতার অপব্যবহার করে তাঁকে হত্যার হুমকি দেন এবং জোর করে তাঁর বাড়ির সামনের রাস্তা দখল করে বাড়ির নির্মাণকাজ শুরু করেন। তিনি এ নিয়ে আরডিএসহ পুলিশের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য রুবিনার মুঠোফোনে যোগাযোগ করা হলে কামাল হোসেন ফোন ধরেন। তিনি জানান, মামলার কথা তিনি শুনেছেন। তবে আদালতের কোনো কাগজ পাননি। অনুমোদন ছাড়া বাড়ি করার বিষয়টি তিনি স্বীকার করেছেন। রাস্তার জায়গা দখল করার ব্যাপারে তিনি জানান, রাস্তার জায়গা নয়, খানিকটা পতিত জায়গা তিনি সামাজিক আলোচনার মাধ্যমে নিয়েছেন। আরডিএর অথরাইজড অফিসার মুহাম্মদ আবুল কালাম আজাদ জানান, আইনে এসব ক্ষেত্রে জেল, জরিমানা ও স্থাপনা ভেঙে ফেলার বিধান রয়েছে। এখন বিষয়টি আদালতে গেছে। আদালত যা সিদ্ধান্ত দেবেন, তা-ই হবে।